চট্টগ্রাম প্রতিনিধি/রাজিব শর্মা: নগরীর পটিয়ায় পুকুরে ডুবে সুমাইয়া আক্তার (৯) এবং ফাতেমা বেগমের (১০) নামে দুই খালাতো বোনের মৃত্যু হয়েছে। দুজনেই উপজেলার লালখান বাজার এলাকার একটি এবতেদায়ি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
বৃহস্পতিবার (২৯ জুন) পটিয়ার উত্তর গোবিন্দারখীল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুমাইয়া নগরীর লালখান বাজার এলাকার নুর হোসেন এবং ফাতেমা একই এলাকার সাইফুদ্দিনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে দুই বোন তাদের আরেক খালার বাড়িতে বেড়াতে যায়। সেখানেই পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
তাদের মামা মোস্তাফা বলেন, বেড়াতে আসার পরই তারা বলেছিল সমুদ্র দেখবে। আজ সকাল ১১টার দিকে পারকি সমুদ্র সৈকতে নেওয়ার কথা। খুশিতে দুজন সারারাত ভাল করে ঘুমায়নি। প্রস্তুতি নিতে ভোরে উঠেই পুকুরে নেমেছিল। ঘরে তাদের খুঁজে না পেয়ে পুকুরে গিয়ে দেখা যায় দুজন পানিতে ভাসছে। দ্রুত তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. নেয়ামতউল্লাহ বলেন, ওই দুই বোনের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার আগেই তাদের মৃত্যু হয়।