রাজিব শর্মা, চট্টগ্রামঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠিক কবে হবে তার নিশ্চিত কোনো তথ্য নেই। তবুও ২০১৯ সালকে টার্গেট করে এখন থেকেই তসবিহ গণনা শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। এ নিয়ে তোড়জোর চলছে সুবিধাভোগী নেতাকর্মীদের মধ্যেও।
কোন দল থেকে কে মনোনয়ন পাচ্ছেন এ নিয়ে চায়ের কাপে ঝড় তুলছেন তারা। এর ব্যতিক্রম নয় চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে মনোনয়ন প্রত্যাশীরাও। যাদের প্রত্যেকেই হেভিওয়েট হিসেবে পরিচিত।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ নেতাকর্মীরা অনেক আগে থেকেই বুক ফুলিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। জোটের কারণে সে সুযোগ পাচ্ছেন জাতীয় পার্টির নেতাকর্মীরাও। সেদিক থেকে ব্যতিক্রম বিএনপি। জিন্দাবাদ নিয়ে মাঠে নামলেই তাড়া খেতে হয় পুলিশের। শুরু হয় ধরপাকড়।
কারণ নগর বিএনপির এমন কোন নেতা নেই যার পেছনে হাফ ডজন-ফুল ডজন থেকে অর্ধশতাধিক পর্যন্ত মামলা নেই। এরমধ্যে নাশকতা মামলার আসামিও অনেকে। ফলে কোনভাবেই মাঠে স্বাভাবিক নয় বিএনপি। তবে নগরীর নুর আহমদ সড়কে নিজস্ব কার্যালয়ে স্বাভাবিক কাজকর্ম চালাচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। সেখান থেকে যতটুকু পারছেন দলীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরাও।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) সংসদীয় আসনটি সিটি করপোরেশনের ৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ৩১, ৩২, ৩৩, ৩৪ এবং ৩৫ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত হওয়ায় আরেকটু বেশি বেকায়দায় রয়েছেন বিএনপি নেতাকর্মীরা। এ আসনটি বিএনপির দূর্গ হিসেবে পরিচিত হওয়ায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নজরও যেন একটু বেশি।
দেশ স্বাধীন হওয়ার পর থেকে এ আসনে বিএনপিই অধিকসংখ্যক জয়লাভ করেছে এ আসন থেকে। ফলে দলীয় কার্যক্রমসহ সবরকম কৌশলে এ আসনটি এবার আওয়ামী লীগের পক্ষে আনতে মরিয়া ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সেভাবে প্রস্তুতি নিয়েও এগিয়ে যাচ্ছেন তারা।
এ আসন থেকে জয়লাভ করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন হেভিওয়েট প্রার্থী দিতে চান আওয়ামী লীগ। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এ প্রসঙ্গে নুরুল ইসলাম বিএসসি বলেন, চট্টগ্রামের এই সংসদীয় আসনটি খুবই গুরুত্বপূর্ণ। এ আসনে আমি ব্যক্তিগতভাবে স্কুল-কলেজ নির্মাণসহ এলাকার প্রচুর উন্নয়ন করেছি। ফলে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ব্যাপক জনসমর্থন আমার পক্ষে আছে। তাই আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আমি নৌকার প্রার্থী হতে চাই। তবে এক্ষেত্রে নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত।
তিনি বলেন, ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মহাজোটের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জাতীয় পার্টির জিয়া উদ্দীন আহমেদ বাবলু। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওয়ার্কাস পার্টির মোহাম্মদ আবু হানিফ। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এর আরিফ মঈনুদ্দীন এবং স্বতন্ত্র প্রার্থী আলী আহমেদ নাজির। কিন্তু আগামি নির্বাচনের প্রেক্ষাপট ভিন্ন। জাতীয় পার্টি আলাদাভাবে নির্বাচন করলে আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনোনয়ন দেবে।
এ আসন থেকে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন নুরুল ইসলাম বিএসসির ছেলে মুজিবুর রহমানও। তিনি বলেন, বাবাকে যদি এ আসন থেকে মনোনয়ন দেয়া না হয়; তাহলে আমি এই আসন থেকে নৌকা প্রতিকে মনোনয়ন চাইব।
১৪ দল থেকে অন্য কাউকে প্রার্থী করলে সমর্থন করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এ আসনে এবার আওয়ামী লীগ থেকে দলীয় প্রার্থী মনোনয়ন দেয়ার সম্ভাবনাই বেশি।
এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলও এ আসন থেকে মনোনয়ন চাইতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
নওফেল দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ার পর নারায়ণগঞ্জের নির্বাচনে প্রশংসনীয় ভূমিকা পালন করায় দলের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনজরে আছেন। ২০১৪ সালে ঘোষিত ৭১ সদস্যের চট্টগ্রাম মহানগর কমিটির নির্বাহী সদস্যও তিনি।