কয়লা সংকটে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় ভয়াবহ ভাবে বেড়েছে লোডশেডিং। ঘাটতি পূরণে তেলভিত্তিক প্ল্যান্টে ফের উৎপাদন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি।
গত সোমবার (৫ জুন) কয়লা সংকটে পুরোপুরি বন্ধ হয়ে গেছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন। তারপর থেকেই বেড়ে চলেছে লোডশেডিং। দিন দিন তা আরও বাড়ার শঙ্কা দেখা দিয়েছে।
উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (উৎপাদন) এস এম ওয়াজেদ আলী বলেন, পায়রার ঘাটতি মেটাতে কয়েকটি তেলভিত্তিক প্ল্যান্ট চালু করা হচ্ছে। এর মধ্যে সামিটসহ কয়েকটি প্ল্যান্ট রয়েছে। চেষ্টা করছি পায়রা উৎপাদনে আসার আগে বিদ্যুৎ উৎপাদন ও লোডশেডিং পরিস্থিতি স্বাভাবিক রাখতে।
এর আগে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ২০২২ সালের জুলাই মাসে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছিল। ফলে তখন প্রায় দেড় থেকে দুই হাজার মেগাওয়াট লোডশেডিং করতে হয়। পরে কয়লাভিত্তিক পায়রা ও রামপাল উৎপাদনে আসায় লোডশেডিং সমস্যা দূর হয়। এবার কয়লা সংকটে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ হলে ফের তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ।
বিপিসি সূত্রে জানা যায়, বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে তেলের চাহিদাপত্র পাঠায় পিডিবি। চলতি বছরের জুন মাসে পিডিবির তেলের চাহিদা ছিল ৫৫ হাজার মেট্রিক টন। যা তাদেরকে সরবরাহ করা হয়েছে। তবে লোডশেডিং পরিস্থিতি মোকাবিলায় বিপিসির কাছে পিডিবি অতিরিক্ত তেল চেয়েছে কি না, তা বিপিসি সূত্রে জানা যায়নি।
প্রসঙ্গত, খুলনা ও বরিশাল অঞ্চলে রামপাল, পায়রাসহ মোট ২০টি বিদ্যুৎকেন্দ্র রয়েছে। মোট উৎপাদন সক্ষমতা (খুলনার ২২৫ ও ৩৩০ মেগাওয়াট বাদে) ২ হাজার ৩৮০ মেগাওয়াট। আর রামপাল ও পায়রা একত্রে উৎপাদন করে ২ হাজার ৫৬৪ মেগাওয়াট।
এ দুটি কেন্দ্র প্রতিষ্ঠা হওয়ার আগে বিদ্যুৎ কেন্দ্রগুলো খুলনা, বরিশালসহ আশেপাশের অঞ্চলের চাহিদা মেটাতো। পরে তেলের অভাবে খুলনা ২২৫ মেগাওয়াট, রূপসা ১০৫ মেগাওয়াট, মধুমতি ১০০ মেগাওয়াট এবং সামিটের ১১০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র বন্ধ ছিল।
পিজিসিবির রিপোর্টের (৫ জুন) সর্বশষে তথ্যানুসারে, খুলনা ২২৫ মেগাওয়াট প্লান্ট থেকে ১২০, রূপসা ১০৫ মেগাওয়াট থেকে ১৭, ও সামিটের ১১০ মেগাওয়াট থেকে ১৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে।
সারাদেশে বয়ে যাচ্ছে তীব্র তাপমাত্রা। গরমে অতিষ্ঠ মানুষ। বৃষ্টির কোনো দেখা নেই। সেই সঙ্গে চলছে লোডশেডিং। বিদ্যুৎ এই আসে, এই যায়। লোডশেডিং যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা।’ একদিকে তীব্র গরম, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় কষ্ট ভোগ করছে সাধারণ মানুষ। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে বয়স্ক আর শিশুরা। দেশব্যাপী চাপা অসস্থিকর পরিবেশ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কথা, কিন্তু তা সম্ভব হয়নি। উল্টো কমে গেছে বিদ্যুৎ উৎপাদন। দিন দিন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘বিদ্যুতের চাহিদার কথা মাথায় রেখে আমরা গত এক যুগে বিদ্যুতের উৎপাদন ৫ গুণেরও বেশি বাড়িয়েছি। বর্তমানে আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ২৭ হাজার ৩৬১ মেগাওয়াট (ক্যাপটিভ সহ)।’ উৎপাদন ক্ষমতার দিক থেকে বিদ্যুৎ বিভাগে কোনো অভাব নেই উল্লেখ করে তিনি বলেন, ‘তবে বিশ্বব্যাপী জ্বালানি সংকট এবং আন্তর্জাতিক মুদ্রা বাজারের ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে আমরা অপ্রত্যাশিত লোডশেডিংয়ের সম্মুখীন হচ্ছি।’
নসরুল হামিদ বলেন, ‘আমি আপনাদের দুর্ভোগের জন্য দুঃখিত। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, চলমান পরিস্থিতি সাময়িক। আমরা খুব কম সময়ের মধ্যে একটি ভালো অবস্থানে ফিরে আসতে পারবো।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে, বাংলাদেশ বিভিন্ন স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করে বিদ্যুৎ খাতে ব্যাপক উন্নয়ন করেছে। আমি আশা করি, আপনাদের (দেশবাসী) আস্থা ও সমর্থন অব্যাহত থাকবে। এই দুর্ভোগ যত তাড়াতাড়ি সম্ভব একসাথে আমরা লাঘব করতে সক্ষম হব।’



