বিশ্বকাপে এর আগে কখনোই এত রান তাড়া করে জেতেনি অস্ট্রেলিয়া। ৯১ রানে ৭ উইকেট পড়ার পর ওয়াংখেড়ের পাশে আরব সাগরে হাবুডুবু খাচ্ছিল অস্ট্রেলিয়ার; এ ম্যাচে জয়ের সম্ভাবনা সেটিকে তো মনে হচ্ছিল সুদূরের কোনো কল্পনা। কিন্তু ম্যাক্সওয়েল যে এদিন হয়ে উঠবেন অতিমানবের চেয়েও বড় কিছু, ঘটবে অকল্পনীয় সব ঘটনা। অবিশ্বাস্য বিশেষণটাকেও আপনার কেমন হালকা মনে হবে তখন।
মার্কোস স্টইনিস ফিরতেই জয়োৎসব করে ফেলেছিল আফগানিস্তান। ৮৭ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর ৯১ রানে ৭ উইকেট হারায় অস্ট্রেলিয়া। জিতলে অজিদের সেমিফাইনাল নিশ্চিত। হারলে সমীকরণের মারপ্যাচ, আফগানদের শেষ চারের স্বপ্নেও লাগবে হাওয়া। এমন ম্যাচে ব্যাট হাতে রীতিমতো মাস্তানি করেছেন গ্লেন ম্যাক্সওয়েল। খেলেছেন ক্যারিয়ার সেরা ২০১ রানের বিধ্বংসী ইনিংস। তার ব্যাটে ৩ উইকেটে জিতেছে অজিরা। স্বপ্ন ছিনতাই করেছে আফগানদের।
ছয় নম্বরে আসা ম্যাক্সওয়েলকে তো নেমেই সামলাতে হয়েছে হ্যাটট্রিক বল, যিনি আগের ম্যাচে ছিলেন না অদ্ভুতভাবে কনকাশনে পড়ে! বিশ্বকাপে কোনো দলই পরে ব্যাটিং করে এত কম রানে এতগুলো উইকেট হারিয়ে এর আগে জেতেনি ম্যাচ। ম্যাক্সওয়েল সেখান থেকে প্যাট কামিন্সের সঙ্গে অবিচ্ছিন্ন অষ্টম উইকেট জুটিতে যোগ করেছেন ওয়ানডেতে রেকর্ড ২০২ রান, যেখানে অস্ট্রেলিয়া অধিনায়কের অবদান ৬৮ বলে ১২ রান!
শতকের পরপরই পায়ে ক্র্যাম্প নিয়ে খেলেছেন ম্যাক্সওয়েল, সিঙ্গেল নেওয়া দূরে থাক, শট খেলছিলেন পা না নড়িয়েই! দশম ব্যাটসম্যান অ্যাডাম জাম্পা একাধিকবার ওয়াংখেড়ের ড্রেসিংরুমের সিঁড়ি থেকে নেমে এসেছিলেন নামবেন বলে, কিন্তু ম্যাক্সওয়েল উঠে যাননি। তার বিপক্ষে প্রথম বলে এলবিডব্লুর রিভিউ নিয়েছিল আফগানিস্তান, আদতে যেটি লেগেছিল তার ব্যাটে। ২৬ রানে তার মোটামুটি কঠিন ক্যাচ ফেলেন হাশমতউল্লাহ শহীদি, ৩৩ রানে সহজতম ক্যাচ নিতে পারেননি মুজিব উর রেহমান, তার আগে ৩০ রানে এলবিডব্লু হয়ে হাঁটা ধরেছিলেন রিভিউ করার পরও! তবে সে দফা বেঁচে যান, ম্যাক্সওয়েল ভাগ্যের সহায়তা পেয়েছেন ভালোভাবেই।
ওয়ানডেতে রান তাড়ায় ১০০ রানের নিচে প্রথম ৭ উইকেট হারানোর পর জয়ের ঘটনা ১২টি। তবে এমন পরিস্থিতিতে সর্বোচ্চ রান তাড়ার করার রেকর্ডটা এখন অস্ট্রেলিয়ার।
৫১ বলে করেছিলেন ৫০ রান, পরের ৫০ করতে লাগে মাত্র ২৫ বল। পরের ১০০ রান তিনি করেছেন মাত্র ৫২ বলে। তবে এ পরিসংখ্যান আদতে বোঝাতে পারবে না, বলের পর বল সিঙ্গেল নেননি তিনি, আদতে পা-ই নড়াতে পারছিলেন না। তবু খেলেছেন অদ্ভুত সব শট, তার কবজি হয়ে উঠেছিল খ্যাপাটে!
ম্যাক্সওয়েল-কামিন্সের ২০২ রানের জুটি ওয়ানডেতে অষ্টম উইকেটে সর্বোচ্চ। আগের রেকর্ড ১৩৮*, ২০০৬ সালে কেপটাউনে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু হল ও জাস্টিন কেম্পের।
ম্যাক্সওয়েলের অপরাজিত ২০১ রান, ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যক্তিগত সর্বোচ্চ। ওয়ানডেতে ব্যাটিংক্রমের ছয় বা এর নিচে নেমে সর্বোচ্চ। বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। ওয়ানডেতে রান তাড়ায় সর্বোচ্চ। ম্যাচে ম্যাক্সওয়েলের ছক্কা। বিশ্বকাপে যা অস্ট্রেলিয়ার সর্বোচ্চ।
মঙ্গলবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান তোলে আফগানিস্তান। দলটির হয়ে তরুণ ওপেনার ইব্রাহিম জাদরান ১৪৩ বলে ১২৯ রানের ইনিংস খেলেন। আফগানদের হয়ে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির কীর্তি গড়েন। তার ব্যাট থেকে আসে আটটি চার ও তিনটি ছক্কার শট। রহমত শাহর ৩০, রশিদ খানের ৩৫ রানে ভর করে ২৯১ রানের পুঁজি পেয়েছিল আফগানিস্তান।