নিজস্ব প্রতিনিধিঃ জমিজমা সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে গৌরনদী উপজেলার জয়শীরকাঠী গ্রামের মনোরঞ্জন শীলের বাড়ীতে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে ও পরিবারের অন্তসত্বা গৃহবধুসহ ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করেছে কামাল হাওলাদার ও তার বাহিনী। এলাকাবাসী আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। এর মধ্যে অন্তসত্বা গৃহবধু টুম্পা রানী শীল (২২) এর অবস্থা আশংকাজনক।
১০ ফেব্রুয়ারি বুধবার বিকেলে বরিশাল জেলার গৌরনদী উপজেলার জয়শীরকাঠী গ্রামে মনোরঞ্জন শীলের বাড়ীতে ঢুকে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় সাধারণ ডায়েরী করা হয়েছে এবং মামলার প্রস্ততি চলছে।
জানা যায়, বুধবার বিকেলে কামাল হাওলাদারের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল বাড়িতে ঢুকে দা ও লাঠি নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় মনোরঞ্জন শীল(৪৫) তার ছেলে প্রশান্ত শীল(২২), সুজন শীল (২৪), পুত্রবধূ টুম্পা রানী শীল (২২), ভাতিজী রিতা রানী শীল (৩০) আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। আহতদের মধ্যে আট মাসের অন্তসত্বা গৃহবধূ টুম্পা রানির অবস্থা আশংকাজনক।
হামলায় আহত মনোরঞ্জন শীলের ছেলে আহত সুজন শীল জানান, প্রতিবেশী সাহিদা বেগমের সাথে দীর্ঘদিন জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বুধবার বিকেলে ভিমেরপার গ্রাম থেকে সন্ত্রাসী কামাল হাওলাদারসহ ১০/১২জন সন্ত্রাসীকে ভাড়া করে এনে আমাদের উপর হামলা চালায়।
মনোরঞ্জন শীল বলেন, আমাদের ঘরের আসবাবপত্র ভাংচুর করেছে। রান্না করা ভাত ফেলে দিয়েছে। খেতে দেয়নি সন্ত্রাসীরা সব ফেলে দিয়েছে।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান সোহাগ জানান, সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।