সারাদেশে পথযাত্রার অংশ হিসেবে আজ বুধবার গোপালগঞ্জ থেকে মাদারীপুর জেলায় আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। এ আগমন উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
মাদারীপুর জেলার প্রবেশদ্বার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও পুলিশ। এছাড়াও ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর, ঘটকচর, খাগদি, মোস্তফাপুর ও জেলা শহরে র্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে দুপুরে টেকেরহাট হয়ে গোপালগঞ্জ জেলার সভাস্থলে যোগ দেন সংগঠনটির শীর্ষ নেতারা। সেখান থেকে সভা শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়ি লক্ষ্য করে হামলা ও ভাংচুর তান্ডব চালিয়েছে নিষিদ্ধ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এজন্য মাদারীপুরে সকল ধরনের বিশৃঙ্খলা রোধে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে আওয়ামীপন্থীদের বাধায় গোপালগঞ্জ থেকে এখনো মাদারীপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেন এনসিপির নেতাকর্মীরা। বর্তমানে তাদেরকে নিরাপত্তা দিতে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে বলে জানা গেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের মধ্যে গাড়ি বহরে উপস্থিত রয়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের সংগঠক মেহেরাব সিফাতসহ কেন্দ্রীয় নেতারা।