বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়ায় গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তার পরিবারের বিরুদ্ধে। বেড়া থানা পুলিশ রবিবার সকালে লাশ উদ্ধার করে এবং স্বামী শাহাদৎকে আটক করেছে।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, বেড়া পৌর এলাকার ছোট পায়না মহল্লার আব্দুস সাত্তার গায়েনের মেয়ে শাপলা (১৮) একই মহল্লার হামেদ খাঁর ছেলে শাহাদৎ খাঁ (২২) এর সাথে প্রেমের সর্ম্পক হলে ফেব্রুয়ারী মাসে দুই জন পালিয়ে বিয়ে করে। স্থানীয় প্রধানদের মধ্যস্থতায় মেয়ে ও ছেলে পক্ষ এ বিয়ে মেনে নেয় এবং ছেলে কনেকে নিয়ে বাড়ীতে ঘর সংসার করতে থাকে।
শনিবার রাতে খাওয়ার পর দুইজন ঘুমিয়ে পড়লে স্ত্রী শাপলা ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। গভীর রাতে শব্দে হঠাৎ করে ঘুম ভেঙ্গে গেলে স্ত্রী কে আড়ার সাথে ঝুলতে দেখে এবং তার চিৎকারে বাড়ীর অন্যান্যরা এসে স্ত্রীকে আড়া থেকে নামানো হয় বলে স্বামী শাহাদৎ জানায়।
নিহতের পিতা জানায়, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য ওরা আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার ও মারধর করতো। সনিবার রাতে আমার মেয়েকে মেয়ের স্বামী,শ্বশুর ও শাশুড়ী মিলে হত্যা করে গলায় রশি বেঁধে আড়ার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে প্রচার করছে।
এ ব্যাপারে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা জানান, থানায় একটি মামলা হয়েছে, আসামীদের মধ্যে স্বামী শাহাদৎকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে পাবনা জেল হাজতে এবং লাশ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন,ময়না তদন্তের রির্পোট পেলেই হত্যা না আত্মহত্যা এ বিষয়ে সঠিক তথ্য পাওয়া যাবে।