গণমাধ্যমকর্মীদের হঠাৎ ছাঁটাই কোনোভাবেই সমীচীন নয়ঃ তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রিন্ট বা ইলেকট্রনিক কোনো গণমাধ্যমকর্মীদেরই হঠাৎ ছাঁটাই কোনোভাবেই সমীচীন নয়। তাদের সংসার ও জীবনের কথা ভাবতে হবে। একান্ত প্রয়োজন হলে আগে থেকে নোটিশ এবং কয়েক মাসের বেতন দেয়ার বিষয়টি অবশ্যই বিবেচনা করা উচিত।’
রোববার সন্ধ্যায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে  প্রয়াত বরেণ্য সাংবাদিক মো. শাহ আলমগীর স্মরণে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত নাগরিক শোকসভায় বক্তৃতাকালে তিনি একথা বলেন। বিশিষ্ট  সাংবাদিক আবেদ খান এবং বেগম আলমগীর মঞ্চে ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান এমপি, প্রখ্যাত অভিনেতা হাসান ইমাম, প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, কবি ও সাংবাদিক সৌমিত্র দেবসহ বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিবর্গ এসময় জ্যেষ্ঠ সাংবাদিক ও গবেষক রহমান মুস্তাফিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী এসময় প্রয়াত শাহ আলমগীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘তার কাছ থেকে আমাদের বহু কিছু শেখার আছে। তিনি এমন মানুষ যার কোনো শত্রু ছিলো না, থাকলেও তারা তাকে ভালোবাসতো।’
গত ২৮ ফেব্রুয়ারি ক্যান্সার চিকিৎসাধীন শাহ আলমগীর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমের সকল অঙ্গনের প্রতিনিধিদের স্মৃতিচারণে শোকসভায় এক হৃদয়বিদারক আবহ তৈরি হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।