গণভোটে ‘হ্যাঁ’ মানে জনগণের হাতে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেয়া। তাই তিনি সকলকে ভয় নয়, মানুষের পক্ষে দাঁড়িয়ে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আজ নারী ও শিশু মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের’ নাম পরিবর্তন এবং গণতান্ত্রিক শক্তিশালী কাঠামো তৈরি করার স্বপ্নে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, গণভোটে ‘হ্যাঁ’ মানে বিচার বিভাগের স্বাধীনতা, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, নারীর নিরাপত্তা, সাংবাদিকের কলমের স্বাধীনতা, কৃষক-শ্রমিকের ন্যায্য অধিকার এবং রাষ্ট্রীয় জবাবদিহিতা নিশ্চিত করার পথে অগ্রসর হওয়া। এই গণভোট কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়; এটি একটি নৈতিক ও নাগরিক সিদ্ধান্ত।
উপদেষ্টা বলেন, গত ১৭ বছরে দেশে নির্বাচন থাকলেও প্রকৃত অর্থে জনগণের ভোটাধিকার, বিচারব্যবস্থা ও মতপ্রকাশের স্বাধীনতা অনুপস্থিত ছিল। সাংবাদিক নির্যাতন, গুম-খুন, বিরোধী কণ্ঠ দমন, নারী নির্যাতন ও সহিংসতায় বিচারহীনতা এবং কৃষক-শ্রমিকদের প্রতি অবহেলাসহ একটি ভয়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার চিত্র তুলে ধরেন। এই বাস্তবতায় নতুন বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে জনগণের সরাসরি মতামত গ্রহণের একমাত্র গণতান্ত্রিক পথ হলো গণভোট।
‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ থেকে ‘নারী ও শিশু মন্ত্রণালয়’ নামকরণ রাষ্ট্রের একটি সুস্পষ্ট রাজনৈতিক ও নৈতিক অবস্থানকে প্রতিফলিত করে। এটি নারীদের করুণা বা দয়ার জায়গা থেকে বের করে অধিকারসম্পন্ন নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা।