সারাদেশে এক যোগে গণ টিকা কার্যক্রম শুরু হয়েছে। গণ টিকা কার্যক্রমে ৩২ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। আজকে যারা টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের টিকাও সরকারের কাছে রয়েছে। বলেছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকটে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
আজ শনিবার (০৭ আগস্ট) দুপুরে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিল্পমন্ত্রীর নিজস্ব অর্থায়নে অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের সকল জনগণকে করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে। ধাপে ধাপে সবাইকে সরকার করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবে। ইতোমধ্যে দেশে দুই কোটি টিকা এনেছে সরকার। আরো টিকা দ্রুত দেশে আনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সরকার কাজ করে যাচ্ছে।
শিল্পমন্ত্রী বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে গণ টিকা কার্যক্রম প্রধানমন্ত্রীর দপ্তর তদারকি করছে। কোনো স্থানে অনিয়ম এলে সঙ্গে সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আমি টিকা কেন্দ্র পরিদর্শনে গিয়ে মানুষকে আগ্রহ নিয়ে টিকা নিতে দেখেছি।
করোনাকালীন সময় অসহায় ও দুস্থদের মধ্যে সরকার খাদ্য সামগ্রী বিতরণ করছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী আমরা অসহায় ও দুস্থদের মধ্যে বিতরণ করছি। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বাররা তাদের এলাকার দরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে। এছাড়া উপজেলা প্রশাসনের হটলাইন নম্বর রয়েছে। এখানে ফোন দিলেই খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে।
বেলাব উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বেলাব সহকারী কমিশনার (ভূমি) শাহীনূর আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাশেদুল ইসলাম, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার, মনোহরদী প্রেসক্লাবের সভাপতি শ্যামল মিত্র, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ জলিল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান, বেলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাপ মিয়াসহ প্রমুখ।