বিশেষ প্রতিবেদকঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতের বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করে খালেদা জিয়ার করা আবেদন নামঞ্জুর হওয়ার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
আজ বুধবার হাইকোর্ট বিভাগের বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্টে এ আবেদন করা হয়।
আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও আইনজীবী জাকির হোসেন।
এ বিষয়ে জাকির হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার নিম্ন আদালতে আবেদনটি নামঞ্জুর করা হয়েছিল। এর পর একই সঙ্গে মামলাটি পুনঃতদন্তের আবেদনও নামঞ্জুর করা হয়। আমরা এই আবেদনে পুনঃতদন্তের বিষয়টি উল্লেখ করেছি। তবে এ বিষয়ে পৃথক একটি আবেদন দায়ের করব।’
জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরো একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।