আজ সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খাগড়াছড়ি জেলার দুই জন পরম শ্রদ্ধেয় বৌদ্ধ ভিক্ষু (ভান্তে) এবং এক জন বৌদ্ধ ধর্মাবলম্বী গাড়ি চালকের অকাল মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নিহতরা হলেন— খাগড়াছড়ি সদরের য়ংড বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ উসারা ভান্তে (খ্য চিং মারমা), মাটিরাঙ্গা উপজেলার ওয়াজুকা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ আগ্গাধেইংম্মা ভান্তে এবং খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়ার অধিবাসী গাড়ি চালক লাব্রে মারমা।
এক শোক বার্তায় মন্ত্রী বলেন, পূজনীয় এই দুই ভিক্ষু তথা উত্তম পুরুষদের আকস্মিক মহাপ্রয়াণ পার্বত্য অঞ্চলের বৌদ্ধ সমাজ ও ধর্মপ্রাণ দায়ক-দায়িকাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। বৌদ্ধ ধর্ম দর্শন প্রচার ও প্রসারে তাঁদের অবদান শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। আমি বিনম্র চিত্তে এই মহান ভিক্ষুদ্বয় ও প্রয়াত চালকের বিদেহী আত্মার সদগতি এবং তাঁদের পরলৌকিক নির্বাণ সুখ কামনা করছি।
মন্ত্রী শোকসন্তপ্ত পরিবার-পরিজন এবং তাঁদের গুণগ্রাহী ও শিষ্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সাথে তিনি উক্ত দুর্ঘটনায় গুরুতর আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণে গুরুত্বারোপ করেন এবং তাঁদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেন।