পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল ইমরান খানকে। এদিন পাকিস্তানের জাতীয় সংসদে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু তা খারিজ করে দেওয়া হয়। যার জেরে বিরোধীরা চূড়ান্ত বিক্ষোভ দেখান এবং ইসলামাবাদে ১৪৪ ধারা জারি হয়। তুমুল নাটকীয় ঘটনা পরম্পরার শেষে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল আর দেশের প্রধানমন্ত্রীর পদে থাকছেন না ইমরান। পাকিস্তান ক্যাবিনেট সচিবালয় অবিলম্বে প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরান খানকে অপসারণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে পাক সরকার। কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত ক্ষমতাহীন প্রধানমন্ত্রী হিসেবে পদ আঁকড়েই থাকতে হবে ইমরান খানকে।
পার্লামেন্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে রাত হতেই একেবারে সরকারিভাবে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল। তাকে ডি-নোটিফাই করার চিঠি পাঠান অতিরিক্ত সচিব ইজাজ দার। সেখানে বলা হয়েছে, একেবারে এই মুহূর্ত থেকে ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে ডি-নোটিফাই করা হল।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে ইমরান খান আর প্রধানমন্ত্রী নন। বিধানসভা বিশৃঙ্খলার পরে সর্বশেষ এই বিজ্ঞপ্তিতে পাকিস্তান সরকার বলেছে, পাকিস্তানের রাষ্ট্রপতি জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন। একই সঙ্গে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার।

প্রসঙ্গত উল্লেখ্য যে ডেপুটি স্পিকার অনাস্থা প্রস্তাব প্রত্যাখ্যান করার পরে, বিরোধীরা এটিকে “অসাংবিধানিক” বলে অভিহিত করে। অন্যদিকে, জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিরুদ্ধে রবিবার সুপ্রিম কোর্টে গিয়েছিল বিরোধীরা।
এর পরে, রবিবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিষয়ে বিরোধীদের আবেদনের শুনানি শুরু করে। এরইমধ্যে, পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করলে বিরোধীরা আয়াজ সাদিককে জাতীয় পরিষদের স্পিকার নির্বাচিত করে।
প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় পরিষদে ৩৪২ জন সদস্য রয়েছে। সংখ্যাগরিষ্ঠের জন্য ১৭২ জনের সমর্থন প্রয়োজন। এই মুহূর্তে ইমরান খানের পক্ষে ১৪২ জন সদস্যের সমর্থন রয়েছে। অন্যদিকে, প্রতিপক্ষের দিকে সমর্থন রয়েছে ১৯৯ জন সদস্যের। এদিকে তথ্য মন্ত্রক ইতিমধ্যেই একটি আদেশ জারি করেছে যে পাকিস্তানে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
যদিও পাকিস্তানের সংবিধানের ২২৪ নম্বর ধারা অনুযায়ী, আগামী ১৫ দিন কোনও কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবেন ইমরান খান। তবে সরকারের প্রধান হিসেবে একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে তিনি যে সমস্ত ক্ষমতাবলে সিদ্ধান্ত নিতে পারতেন, তা আগামী কয়েকদিন প্রধানমন্ত্রী পদে থেকে পারবেন না। অর্থাৎ নতুন কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিযুক্ত না হওয়া পর্যন্ত ক্ষমতাহীন প্রধানমন্ত্রী হিসেবে পদ আঁকড়েই থাকতে হবে ইমরান খানকে।
এখন ঘটনা হল, পাকিস্তানের জাতীয় সংসদকে ভেঙে দেওয়া হয়েছে। এই অবস্থায় এটা স্পষ্ট নয়, কীভাবে নতুন কেয়ারটেকার প্রধানমন্ত্রী নিযুক্ত করা হবে। কারণ প্রধানমন্ত্রী হোক অথবা বিরোধী দলনেতা, তাদের অস্তিত্বই জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ফলে আইনত নেই বললেই চলে। এদিন পাকিস্তানের জাতীয় সংসদে ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি হওয়ার কথা ছিল। তবে ডেপুটি স্পিকার কাসিম সুরি তা অসাংবিধানিক এবং বিদেশি শক্তির দ্বারা প্রভাবিত বলে ভেস্তে দেন। অনাস্থা প্রস্তাব বাতিল হওয়ার পরেই ইমরান খানের পরামর্শে রাষ্ট্রপতি আরিফ আলভী জাতীয় সংসদও ভেঙে দেন। এরপরে ইমরান খান নতুন করে নির্বাচনের ডাক দেন। যে নির্বাচন আগামী ৯০ দিনের মধ্যে হওয়ার কথা ছিল। এদিকে বিরোধীরা জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব ও ভোটাভুটি খারিজ হওয়ার ঘটনাকে অসাংবিধানিক আখ্যা দিয়ে চূড়ান্ত বিক্ষোভ দেখান। তারপরে এদিন রাতেই ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকেও সরিয়ে দেওয়া হল।



