গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন।
গত শনিবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার পীড়ার বাড়ী বাজারে এক সংবাদ সম্মেলনে তারা এ পদত্যাগের ঘোষণা দেন।
জামায়াতের হিন্দু শাখার ৯ নেতাকর্মীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর হিন্দু শাখার সভাপতি মনোজ মল্লিক ওরফে (ঝন্টু)।
তিনি বলেন, গতকাল শনিবার (৬ ডিসেম্বর) থেকে আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সদস্য সহ ৯জন পারিবারিক ও সামাজিক কারণে বাংলাদেশ জামায়াত ইসলামীর হিন্দু শাখার পদ ও সব কর্যক্রম থেকে পদত্যাগ করলাম।
পদত্যাগ করা নেতারা হলেন- সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতে হিন্দু শাখার সভাপতি মনোজ মল্লিক ওরফে (ঝন্টু), সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার, সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী, শিশির মল্লিক।
এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ফরিদ উদ্দিন মাসউদ বলেন, কিছুদিন আগে কমিটি হয়েছিল। কিন্তু তারা পদত্যাগ করেছেন কিনা তাহা আমার জানা নেই।
এদিকে, কোটালীপাড়া উপজেলায় বাংলাদেশ জামাতে ইসলামীর হিন্দু শাখার সদ্য গঠিত ৯ নেতাকর্মীর পদত্যাগ করার ঘোষনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।