কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ॥ নেত্রকোনার কেন্দুয়া উপজেলার ওয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক যুবক সেবক মিয়ার (২০) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গতকাল শনিবার সকালে ধর্ষিত ওই শিশুর পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কেন্দুয়া থানায় এ মামলা দায়ের করেন। এদিকে জবানবন্দি রেকর্ড করার জন্য শিশুটিকে নেত্রকোনা আদালতে পাঠিয়েছে পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার দুপুরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের সাখরা (দক্ষিণপাড়া) গ্রামের ওই কন্যাশিশুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় একই গ্রামের ইদ্রিস আলীর লম্পট ছেলে সেবক মিয়া (২০) শিশুটিকে একা পেয়ে জোর করে ধরে নিয়ে পাশের বাজারে থাকা তার চাচা বাবুল মিয়ার কাঠের দোকানে ঢুকে যায়। পরে ওই দোকান ঘরেই শিশুটিকে ধর্ষণ শুরু করলে তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। এ সময় কৌশলে পালিয়ে যায় ধর্ষক সেবক মিয়া। শিশুটির পরিবারের লোকজন চিকিৎসার জন্য শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে স্থানীয় মাতব্বররা বিষয়টি মীমাংসার কথা বলে তাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়।
শিশুটির মা জানান, প্রচ- রক্ত ক্ষরণ হয়েছে শিশুটির। কিন্তু গ্রামের কিছু লোকজনের কারণে সরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো সম্ভব হয়নি। এখন শিশুটি শারীরকভাবে দুর্বল হয়ে পড়ছে। তিনি লম্পট সেবক মিয়ার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেন।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী মামলা রুজু করার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং জবানবন্দি রেকর্ডের জন্য শিশুটিকে আদালতে পাঠানো হয়েছে।