কৃষিমন্ত্রীর সাথে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল প্রতিনিধিদের সাক্ষাৎ

কৃষিমন্ত্রীর সাথে পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল প্রতিনিধিদের সাক্ষাৎ

কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাকের সাথে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) এক প্রতিনিধিদল আজ ঢাকায় সচিবালয়ে কৃষিমন্ত্রীর অফিসকক্ষে সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলে ছিলেন বিপিআইসিসির সভাপতি মসিউর রহমান, সহ-সভাপতি শামসুল আরেফিন খালেদ, ওয়ার্ল্ড’স পোল্ট্রি এসোসিয়েশন বাংলাদেশ শাখার সভাপতি আবু লুৎফে ফজলে রহিম খান এবং ফিড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন বাংলাদেশের  সাধারণ সম্পাদক  মোঃ আহসানুজ্জামান।

সাক্ষাৎকালে দেশের পোল্ট্রি শিল্পে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিপিআইসিসির নেতৃবৃন্দ করোনার কারণে পোল্ট্রি শিল্পের সমস্যা তুলে ধরেন। প্রতিনিধিবৃন্দ দেশে ভুট্টার উৎপাদন আরো বাড়াতে মন্ত্রীকে অনুরোধ করেন। তাঁরা বলেন, পোল্ট্রি ফিডের প্রায় সবটাই আসে ভুট্টা থেকে। সেজন্য উৎপাদন বাড়াতে পারলে ফিডের খরচ অনেক হ্রাস পেত।

এছাড়া ফার্মের মুরগির মাংস নিরাপদ ও স্বাস্থ্যকর এই বার্তাটি কীভাবে ভোক্তার নিকট আরো জোরালোভাবে পৌঁছানো যায় সে ব্যাপারে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এছাড়া, নেতৃবৃন্দ পোল্ট্রি শিল্পে সরবরাহকৃত বিদ্যুৎ বিলের ওপর ২০ শতাংশ রিবেট পুনরায় চালুর অনুরোধ করেন।

মন্ত্রী বলেন, মুরগির মাংস নিরাপদ ও স্বাস্থ্যকর এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিতে হবে। ফার্মের মুরগিতে মানুষের আগ্রহ বাড়াতে হবে। সে লক্ষ্যে কৃষি মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। তিনি বলেন, ভুট্টার উৎপাদন আরো বাড়াতে কাজ চলছে। দেশের আবহাওয়া ভুট্টা চাষের জন্য খুবই উপযোগী। দক্ষিণাঞ্চলের লবণাক্ত জমিতেও এখন ভুট্টার ফলন ভালো হচ্ছে। কাজেই, কয়েক বছরের মধ্যেই ভুট্টার উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে।

বৈঠকে দেশের পোল্ট্রি শিল্পের উন্নয়ন ও বিকাশে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে বলে মন্ত্রী প্রতিনিধিদলকে আশ্বাস প্রদান করেন।

Share this news

Brinda Chowdhury
Reporter

Brinda Chowdhury

Click the reporter name to read more stories.

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।