আজ খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান । কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় দীর্ঘ দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (৬ আগস্ট) থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানাসহ সব ধরনের প্রতিষ্ঠান।
সোমবার (৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানায়। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ (সোমবার) রাত ১২টা হতে আগামীকাল মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
এ ছাড়া সকাল থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তায় গত ১৬ জুলাই রাতে দেশের উচ্চ শিক্ষার নিয়ন্ত্রক বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশনা দেয়। পরদিন বন্ধ হয় সব বিশ্ববিদ্যালয়।
গত ১৭ জুলাই থেকে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ১৮ জুলাই থেকে দেশের আট বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকাভূক্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে সরকার। এরপর সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।


