‘কীভাবে সন্ত্রাসীদের দমন করতে হয় জাতি জানে’

স্টাফ রিপোর্টার: রাশেদ খান মেনন বলেছেন, ‘সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না। এ সন্ত্রাস জাতির কাছে অপরিচিত নয়। জাতি জানে, কীভাবে এ সন্ত্রাসীদের দমন করতে হয়।’

রোববার বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) কনফারেন্স হলে ‘সংগ্রামী জীবন থেকে সোনার বাংলা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতির জনক বঙ্গবন্ধুর ৪১তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে বিটিবি এ অনুষ্ঠানের আয়োজন করে।

রাশেদ খান মেনন বলেন, ‘সরকারের যে উন্নয়ন ভাবনা তার সূচনা করেছিলেন বঙ্গবন্ধু। তারই আজন্ম লালিত স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য সরকারের নিরন্তর প্রয়াস অব্যাহত আছে। একটি চক্র সে প্রয়াসকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পের জনক ছিলেন। তিনি বিশ্ববাসীর কাছে অপরূপ বাংলাদেশের ছবি তুলে ধরতে চেয়েছেন। কক্সবাজারের সমুদ্র সৈকতে যে ঝাউবন তা তিনিই লাগিয়েছিলেন। পর্যটন শিল্পের মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রতিষ্ঠা করেছিলেন তিনি।’

মন্ত্রী আরো বলেন, ‘১৯৭১ সালেও ধর্মের নামে সন্ত্রাস চালিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার পাঁয়তারা হয়েছিল। কিন্তু আমরা সম্মিলিত প্রতিরোধে তাদের পরাজিত করে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। আজও উগ্রবাদ ও জঙ্গিবাদকে মুক্তিযুদ্ধের চেতনায় জাতি পরাজিত করবে।’

বিটিবির সিইও আখতারুজ্জামান খান কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিটিবির পরিচালক ভুবন চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এস এম গোলাম ফারুক, বিপিসির চেয়ারম্যান ড. অপরূপ চৌধুরী প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।