ঝিনাইদহ প্রতিনিধি: সরকারি সেবা সম্পর্কে তৃণমূল জনগনকে স্বচ্ছ ধারণা প্রদান, সেবা প্রাপ্তির স্থান, কোথায় গেলে সেবা পাবেন, কষ্ট করে শহরে নয়, গ্রামেই সেবা মেলে, আর ইউনিয়ন পরিষদ যে সেবা প্রাপ্তির কেন্দ্রস্থল সে বিষয় গুলো সকলকে জানানোর জন্য উপজেলা পর্যায়ের কর্মকর্তারা তাদের স্ব স্ব দপ্তরের সেবা নিয়ে জনগনের গোরগোড়ায় হাজির হয়েছেন।
সোমবার সকালে উপজেলা কৃষি অধিদপ্তর, মৎস অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, যুব উন্নয়ন অধিদপ্তর, পল্লী উন্নয়ন অধিদপ্তর, উপজেলা নির্বাচন বিভাগ, শিক্ষা অধিদপ্তরসহ প্রায় ১৪ টি অধিদপ্তরের কর্মকর্তারা হাজির হন মালিয়াট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে।
দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে ‘আমরা আপনার আঙ্গিনায়’ অভাবনীয় উদ্যোগের আওতায় ইউনিয়নের তৃণমূল জনগনকে সেবা প্রদান করা হয়।
পরিষদের বারান্দায় সারিবদ্ধভাবে চেয়ার-টেলিবে বসে স্ব স্ব দপ্তরের কর্মকর্তারা জনগনকে সেবা দিচ্ছেন। আর ধারণা দিচ্ছেন কোথায় কিভাবে গেলে সেবা পাবেন।
সোমবার উপজেলা পরিষদ ছেড়ে কর্মকর্তারা অফিস করেছেন ইউনিয়ন পরিষদে। একসঙ্গে এত দপ্তরের কর্মকর্তাদের সেবা পেয়ে ইউনিয়নের জনগনও খুব খুশি।
আর এ উদ্যোগটি নিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাদেকুর রহমান। যার নাম দিয়েছেন ‘আমরা আপনার আঙিনায়”।
উপজেলার ত্বত্ত্বিপুর গ্রামের আলাউদ্দীনের স্ত্রী সোনাভান জানান, আমাদের জন্যে যে বিনামূল্যে এসব সেবা আছে তা আমরা আগে জানতাম না।
বয়স্ক ভাতা, বিধবা, ভাতা, প্রতিবন্ধীভাতা যে সমাজ সেবা অধিদপ্তরে গেলে পাওয়া যায় তা এখানে এসে জানতে পারলাম।
মালিয়াট গ্রামের জবেদা খাতুন, কামরুন্নাহারসহ বেশ কয়েকজন নারী জানান, কোথায় গেলে ভোটার হওয়া যায়, আইডি কার্ড ভুল হলে কিভাবে তা সংশোধন করা যাবে তা উপজেলা নির্বাচন অফিসার আমাদের জানিয়ে দিয়েছেন।
এখন আমরা সরাসরি অফিসে যেয়ে সেগুলি ঠিক করতে পারবো।
ষাটবাড়িয়া গ্রামের মিজানুর রহমানের স্ত্রী রিমা খাতুন, মনোহরপুর গ্রামের লেকবার আলী স্ত্রী রেশমা খাতুন জানান, মহিলাদের সেবা দেওয়ার জন্য মহিলা বিষয়ক অধিদপ্তর বিভিন্ন কাজ করেন সেটা তারা জানতেন না।
মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার শরিফা আক্তার তাদের জানিয়েছেন যে, সেখান থেকে আইনী সহায়তাসহ মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি কর্মসূচির সুযোগ সুবিধা আছে।
সেখানে গেলে তারা সেগুলি পাবেন। ওই কর্মকর্তা আরো জানান, বাল্য বিবাহ দেয়া আইনগত দ-নীয় অপরাধ, তাই মেয়ের বয়স ১৮ বছর ও ছেলের বয়স ২১ বছর পূর্ণ না হলে বিয়ে দেওয়া যাবে না।
এছাড়া সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান, এসব সেবা জনগনের দোরগোড়ায় পৌছিয়ে দিলে প্রান্তিক মানুষ দারুনভাবে উপকৃত হবেন।
উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে তারা সাধুবাদ জানান।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছাদেকুর রহমান জানান, সরকারি সেবা প্রাপ্তি সকল মানুষের অধিকার।
বিশেষ করে গ্রামাঞ্চলের অনেকেই অবগন নন যে কোথায় গেলে তারা সেবা পাবেন? সরকার তাদের জন্য কি কি সেবা প্রদান করেছেন? সহজে সেবা পাওয়ার উপায় কি? এছাড়া তাদের অনেকেই সরকারি দপ্তরের কর্মকর্তাদের চেনেন না।
সেখানে যেতে গ্রামাঞ্চলের মানুষ ভয়ও পায়। কর্মকর্তাদের সাথে যোগাযোগ না থাকার কারনে এমনটি হয়। এ বিষয়গুলি বিবেচনায় এনে তিনি তৃণমূল জনগনকে সেবা প্রদানের জন্য ‘ আমরা আপনার আঙিনায়’ শিরোনামে একটি কর্মসূচি হাতে নিয়েছেন।
কালীগঞ্জ উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিমাসে উপজেলা পর্যায়ের কর্মকর্তারা একদিন করে অফিস করবেন তৃণমূল মানুষদের সেবা দেওয়ার জন্য। এটিই বাংলাদেশের মধ্যে প্রথম অভাবনীয় উদ্যোগ বলে তিনি মনে করেন।
মালিয়াট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক সংগ্রাম জানান, তার ইউনিয়নে এ ধরনের কর্মসূচি গ্রহণ করায় তিনি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।
তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমানের এ অভাবনীয় উদ্যোগের কারনে ইউনিয়নের মানুষ সেবা সম্পর্কে জানতে পেরেছেন এবং তারা পরবর্তীতে নিজেই স্ব স্ব দপ্তরে গিয়ে সেবা নিতে পারবেন।
“আমরা আপনার আঙ্গিনায়’ কর্মসুচি টি বাস্তবায়নের পূর্বে স্থান, দিন, তারিখ নির্ধারণ করে এলাকায় মাইকিং করা হয়। আর অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রসার করা হয়।
অনুষ্ঠানে এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করে সরকারি সেবা গ্রহণ করেন এবং কোথায় গেলে কি কি সেবা পাবেন সে সম্পর্কে ধারণাও নেন।
উপজেলা চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু জানান, তিনি অনুষ্ঠানটি পরিদর্শন করেছেন। এটি একটি ভাল উদ্যোগ।
এ উদ্যোগটি অব্যাহত থাকলে মানুষের সরকারি সেবা পেতে আর অসুবিধা হবে না। তিনি আরো মনে করেন, সবাই যখন নিয়মতান্ত্রিকভাবে সেবা পাবেন তখনই “আমরা আপনার আঙিনায়” কর্মসূচি টি সফল হবে।