ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ২৯ বছর পর হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার বিকেলে থানার এসআই কাজী আবুল খায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে মাগুরা জেলার শালিখা থেকে তাদের আটক করেন। আটকৃতরা হচ্ছে, কালীগঞ্জ উপজেলার ভরাট গ্রামের মৃত মোহর আলী মোল্ল্যা ছেলে আব্দুস সাত্তার (৫২), একই গ্রামের মৃত রইচ ম-লের ছেলে সিরাজ ম-ল (৫০) ও তার ভাই ওয়াদুদ ম-ল (৫৫)।
থানা পুলিশ জানায়, ১৯৮৭ সালে কালীগঞ্জ উপজেলার পিপরুল গ্রামের আয়ুব আলী নামের এক ব্যক্তি কে অপহরণের পর তাকে হত্যা করা হয়। সেই মামলার আসামিরা মাগুরা জেলার শাখিলা গ্রামে অবস্থানের গোপন সংবাদ পেয়ে থানার এসআই কাজী আবুল খায়ের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। সেখান থেকে হত্যা মামলার তিন আসামি আব্দুস সাত্তার, সিরাজ ম-ল ও ওয়াদুদ ম-লকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ১৯৮৭ সালে কালীগঞ্জ উপজেলার পিপরুল গ্রামের আয়ুব হোসেন পারখির্দ্দা গ্রামে মোশারফ হোসেনের বাড়িতে অবস্থান করছিল। সেখান থেকে আয়ুব হোসেনকে মুক্তিপনের দাবিতে অপহরণ করে হত্যা করা হয়। গ্রেফতার হওয়া আসামিরা নিষিদ্ধ ঘোষিত বিপ্লবী কমিউনিষ্ট পার্টির সদস্য। এদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আগামীকাল তাদের জেল হাজতে সোপর্দ করা হবে।