আরিফ মোল্ল্যা, কালীগঞ্জ (ঝিনাইদহ) ঝিনাইদহ: বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশিত হওয়া ঝিনাইদহ কালীগঞ্জের একই গ্রামের সেই হতদরিদ্র ৩ মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালো যমুনা ব্যাংক।
শনিবার সকাল ৯ টায় ঢাকাস্থ ইনষ্ট্রিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অফ সোসাল গার্ডেনে সারাদেশ থেকে আসা তাদের মত মোট ১২০ জন গরীব মেধাবী শিক্ষার্থীকে সম্বর্ধনা প্রদান করা হয়। এ সময় যমুনা ব্যাংকের পক্ষ থেকে প্রত্যেকের হাতে যাতায়াত খরচ বাবদ ২ হাজার ও কলেজে ভর্তিবাবদ ৫ হাজার মিলে প্রত্যেককে মোট ৭ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর (বীর প্রতিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যমুনা ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহম্মদ, প্রাক্তন চেয়ারম্যান ইসমাইল হোসেন সিরাজী, যমুনা ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দীন আহম্মদ প্রমূখ।
যমুনা ব্যাংকসূত্রে জানাগেছে, প্রতি মাসে এ শিক্ষাবৃত্তির আওতায় আসা প্রত্যেক শিক্ষার্থীকে ২ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।
উল্লেখ্য,ঝিনাইদহ কালীগঞ্জ পৌরসভার ফয়লা গ্রামের তিন হতদরিদ্র মেধাবী শিক্ষার্থী মদিনা কারিগর ও লিখি আক্তার মিম শহরের সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হতে এবং সুবির দাস একই শহরের সরকারী নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় হতে এ বছর এস,এসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করে। তাদের আর্থিক সঙ্গতি না থাকায় কলেজে ভর্তির পর কিভাবে লেখাপড়ার খরচ যোগাবেন সে চিন্তায় পড়েছিলেন তাদের অভিভাবকেরা।
তাদের পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কথা তুলে ধরে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক ছাড়াও একাধিক অনলাইনে ভিন্ন ভিন্ন শিরোনামে খবর প্রকাশিত হলে যমুনা ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। এরপর যাবতীয় খোঁজখবর শেষে তাদেরকে যমুনা ব্যাংকের শিক্ষাবৃত্তির আওতায় আনা হয়।
প্রকাশ থাকে যে, মদিনা কারিগরের বাবা ইসমাইল কারিগর শহরের ফয়লা গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করেন এবং শহরে কুলির কাজ করে সংসার চালান। আর মিমের বাবা ঝন্টু মন্ডলের বসতভিটের অল্প একটু জমিই একমাত্র ভরসা। তিনি পরের ক্ষেতে কামলার কাজ করে সংসার চালান। ওই গ্রামেরই অপর মেধাবী শিক্ষার্থী সুবির দাসের বাবা তপুন দাস পেশায় একজন ভ্যান চালক।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, একই গ্রাম থেকে ৩ হতদরিদ্র মেধাবী শিক্ষার্থী জিপিএ ৫ পাওয়ার পর যমুনা ব্যাংক তাদের পাশে দাঁড়িয়েছে। তাদেরকে শিক্ষাবৃত্তির আওতায় এনেছে এটা জেনে খুব খুশি হয়েছি। তিনি জানান, এই হতদরিদ্র শিক্ষার্থীরা লেখাপড়া শেখার একটা সিড়ি খুঁজে পেয়েছে।