কাজী নুরুল হাসান সোহান পেয়েছেন জাতীয় দলের টিকিট

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় দলে জায়গা পেয়েছেন কাজী নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচের জন্য ঘোষিত ১৪ জনের স্কোয়াডে নতুন মুখ সোহান।

উইকেটরক্ষক এ ব্যাটসম্যান লোয়ার অর্ডারে দারুণ ব্যাট চালাতে পারেন। হাতে বাহারি শট থাকায় নির্বাচকদের নজর কেড়েছেন সোহান। সর্বশেষ জাতীয় লিগে ১৮৮ রানের বড় ইনিংস খেলেছিলেন তিনি। এবার জাতীয় দলের জার্সি গায়েও নিজের সামর্থ্যের প্রমাণ দিতে চান সোহান।

বুধবার মিরপুর একাডেমি মাঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোহান বলেন,‘প্রথমবারের মতো জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। এখন লক্ষ্য- ভালো খেলা।’

দ্রুত রান তুলতে পারা চ্যালেঞ্জিং বিষয়। তবে কাজটা খুব দক্ষতার সঙ্গে করার ক্ষমতা আছে সোহানের। এ চ্যালেঞ্জে সফল ও ব্যর্থ হওয়ার সম্ভাবনা ফিফটি-ফিফটি। তবে এসব নিয়ে বাড়তি চিন্তা না করে সুযোগকে শতভাগ কাজে লাগানোর চেষ্টা করবেন সোহান। এজন্য বাড়তি পরিশ্রমও করে যাচ্ছেন তিনি। এক প্রশ্নের জবাবে সোহান বলেন,‘টি-টোয়েন্টি শুধু না, যেকোনো খেলাতেই চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জ নিয়ে খেলতে আমার ভালো লাগে। তবে দলের প্রয়োজনে যেখানে ব্যাটিংয়ের সুযোগ আসবে, সেখানে ব্যাটিং করতে আমার সমস্যা নেই। দলের প্রয়োজনে যদি ১ রান করেও ম্যাচ জেতাতে পারি, সেটাই হবে বড় পাওয়া।’

জাতীয় দলের জার্সি গায়ে নিজের প্রথম অনুশীলনেই অনাকঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি সোহান। বোলিং মেশিনে ব্যাটিং করার সময় বলবয়ের মাথায় বল লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বলবয়। ইকরাম নামের ওই বলবয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, তিনি এখন সুস্থ আছেন। অনাকাঙ্ক্ষিত এ ঘটনা প্রসঙ্গে সোহান বলেন,‘খারাপ লাগছে নিজের কাছে। পুরো অনুশীলনে অনেক টেনশনে ছিলাম। শেষপর্যন্ত শুনলাম, তেমন কোনো সমস্যা হয়নি।যদি অন্যরকম কিছু হয়ে যেত, তাহলে নিজেকে ক্ষমা করতে পারতাম না।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।