আবুল কালাম আজাদ, যশোর: খাদ্য সহায়তা না পেয়ে যশোরে বিক্ষোভ করেছে করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র নারী-পুরুষরা। আজ সকাল ১০টার দিকে যশোর শহরের রেলগেট এলাকায় রাস্তা অবরোধ করে তারা এ বিক্ষোভ করে। এসময় তারা জীবন বাঁচাতে অবিলম্বে খাদ্য সহায়তার দাবি জানান। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনা ও পুলিশ সদস্যরা সহায়তার আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
করোনার প্রভাবে কর্মহীন দরিদ্র মানুষের জন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। জেলা প্রশাসন জনপ্রতিনিধিদের মাধ্যমে এ খাদ্য সহায়তা প্রদান করলেও দরিদ্র মানুষের অভিযোগ সবার কাছে পৌছাছে না খাদ্য সহায়তা। একাধিকবার জনপ্রতিনিধিদের বাড়ি ও অফিসে গিয়েও খাদ্য সহায়তা পাচ্ছেন না অনেকে। খাদ্য সহায়তা না পাওয়া যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দারা আজ সকালে রেলগেট এলাকায় যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
রহিমা বেগম নামে এক নারী বলেন, বয়স হয়ে গেছে কাজ করতে পারি না। ছেলে নেই। তারপরও ভিক্ষা করে খেতাম। এখন বাড়ির বাইরে যাওয়া যায় না, ভিক্ষা মেলে না। কি করে খাবো। মেম্বারের বাড়িতে গিয়েও চাল পাওয়া যাচ্ছে না। বলে শেষ হয়ে গেছে। ঈদে দেবে। তার আগেতো না খেয়ে মরে যাবো।
রাহেলা বেগম নামে অপর এক নারী বলেন, এতিম নাতিকে নিয়ে থাকি। পরের বাসায় কাজ করে খাই। করোনার কারণে বাসার কাজ ছুটে গেছে। এতিম নাতিকে নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। কেউ সহায়তা দেয় না। সবাই মুখ চিনে দেয়। অনেকে একাধিকবার পেয়েছে কিন্তু আমার কপালে কিছু জুটলো না।
রাকিব হাসান নামে একজন বলেন, আমি পঙ্গু। ব্যবসা করে খেতাম। করোনার কারণে এখন বাইরে বের হতে পারি না। স্ত্রী সন্তান নিয়ে কষ্টে আছি। মুখ চিনে সহায়তা দেয়া হচ্ছে এর প্রতিবাদ করায় আমাকে হুমকি দেয়া হয়েছে। এখন খাদ্য সহায়তা না পেলে স্ত্রী সন্তান নিয়ে আত্মহত্যা করা ছাড়া কোন উপায় থাকবে না। যে কারণে আজকে বাধ্য হয়ে সবার সাথে রাস্তা নেমে এসেছি। যদি আমাদের কান্না প্রশাসনের কর্মকর্তাদের কাছে পৌছায়।
এদিকে প্রায় এক ঘন্টা ধরে বিক্ষোভ চালালে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক সেনা ও পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর তারা মাইকিং করে সকলকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন। এরপরও বিক্ষোভকারীরা পিছু না হটলে তালিকা করে খাদ্য সহায়তা পৌছে দেবার আশ্বাস দিয়ে সকলকে ঘরে ফিরে যেতে অনুরোধ করেন। পরে সকলে সড়ক ছেড়ে ঘরে ফিরে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার জানান, খবর পেয়েই ছুটে এসেছি। সেনা ও পুলিশের সহায়তায় বিক্ষোভকারীদের বুঝানোর চেষ্টা করেছি রাস্তা থাকলে খাদ্য সহায়তা মিলবে না। প্রধানমন্ত্রীর দেয়া খাবার সবাই পাবে। জেলা প্রশাসকের সাথে কথা বলে খাদ্য পৌছে দেবার আশ্বাস দিয়েছি। সে মোতাবেক বিক্ষোভকারীদের মধ্যে একজনকে প্রতিনিধি করে তার মোবাইল নম্বর নিয়েছি। দ্রুতই তাদের খাদ্য পৌছে দেয়া হবে।





