সচ্চিদানন্দদেসদয়,আশাশুনি,সাতক্ষীরা: আশাশুনি হাসপাতালের এক কর্মচারী করোনা পজিটিভ রিপোর্ট প্রাপ্তির পর কর্তৃপক্ষ কর্মচারীর ভাড়া বাসা লক ডাউন করেছেন। নমুনা দেওয়ার পর গত ৫ দিন কর্মস্থলে কাজ করাসহ বাইরে ঘোরা ফেরা করার ঘটনা সকলকে হতবাক করেছে। বৃহস্পতিবার সকালে তার পরীক্ষার রিপোর্ট এসে পৌছায়।
হাসপাতালে পরিসংখ্যানবিদ (ভারপ্রাপ্ত) আব্দুল খালেক আশাশুনি সদরে একটি বাসায় ভাড়ায় বসবাস করেন। এবং হাসপাতালে নিয়মিত ডিউটি করে আসছিলেন। গত ১৯ জুলাই তার নমুনা সংগ্রহ করেন স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারী টিম। নমুনা সংগ্রহ করা হলেও অজ্ঞাত কারণে তাকে হোম কোয়ারিনটাইনে রাখা হয়নি। তিনি প্রতিদিন নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বাভাবিক ভাবে ডিউটি পালন ও সকলের সাথে মিলিমিশে চলেছেন।
উপজেলা পরিষদ জামে মসজিদে জামাতের সাথে সালাত আদায়ও করেছেন। নমুনা গ্রহনের ৫ দিন (বৃহস্পতিবার) পর তার পরীক্ষার ফলাফল হাসপাতালে এসে পৌছায়, যাতে রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। রিপোর্ট পাওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়ে এবং তাকে অফিসে আসা বন্ধ করে দিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা সাথে সাথে সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনকে ব্যবস্থা নিতে বললে গ্রাম পুলিশ নিয়ে তার ভাড়া বাড়ি লকডাউন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের বলেন, নমুনা নেওয়ার পর তাকে হোম কোয়ারিনটিনে না রাখা উচিৎ হয়নি। বিষয়টি নিয়ে সিভিল সার্জনের সাথে কথা বলে ব্যবস্থা নিতে ইউএইচএকে পরামর্শ দেওয়া হয়েছে বলে তিনি জানান।



