কিশোরগঞ্জের ভৈরবে দুই নারী পেটে ও পিঠে মোড়ানো ৬ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ ঘটনায় চার নারীসহ পাঁচজনকে আটক করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটক পাঁচজন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আছিয়া আক্তার (২৮), আজমপুর এলাকার ইতিবেগম (৪১), বিজয়নগর উপজেলার পপি বেগম (২৫), সাহেবাবাদ এলাকার রোকসানা আক্তার (৩৫) এবং সরাইল উপজেলার সিরাজুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূরের নেতৃত্বে গোপন সংবাদে খবর পেয়ে বেলা ১১টা থেকে টানা ৪ ঘণ্টা চেকপোস্ট বাসিয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতু দিয়ে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশা ও ভাড়ায় চালিত মোটরসাইকেল থামিয়ে সন্দেহ ভাজনদের তল্লাশি করা হয়।
এ সময় সন্দেহভাজন পাঁচ মোটরসাইকেল আরোহীকে আটক করে তল্লাশি করা হলে রোকশানা বেগমের পেটে ও পিঠে কসট্যাপ দিয়ে মোড়ানো চার কেজি ও পপি বেগমের পেটে ও পিঠে একই কায়দায় মোড়ানো দুই কেজি গাঁজা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর ও উপ-পরিদর্শক সাইকুল ইসলাম তালুকদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করে আলামতসহ আটক ব্যক্তিদের ভৈরব থানায় হস্তান্তর করেন।
এ বিষয়ে চন্দন গোপাল সূর জানান, জিজ্ঞাসাবাদে ৫ হাজার টাকা চুক্তিতে অভিনব পদ্ধতিতে গাঁজা বহন করে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেন আট দুই নারী। এ সময় মাদক কারবারের মূল হোতাদের দেখিয়ে দিলে আরও তিনজনকে আইনের আওতায় আনা হয়। তারাও তাদের অপরাধ স্বীকার করে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান চন্দন গোপাল সূর।





