মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে দায়িত্ব পালনকালে আক্রান্ত হয়ে মো. তৌহিদুল ইসলাম (৫৬) নামে আরেক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সম্মুখসারিতে থাকা একক পেশাজীবী হিসেবে পুলিশেই দায়িত্ব পালন করতে গিয়ে এপর্যন্ত ৩৭ জন বীর সদস্য মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার (২৬ জুন) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। কনস্টেবল পদমর্যাদার এ পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত ছিলেন।
তিনি জানান, করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (২৫ জুন) দিনগত রাতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুরে গ্রামের বাসিন্দা।
বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
করোনা ভাইরাসে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালন করতে গিয়ে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৯ হাজার ৮৬৯ জন সদস্য করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। যা দেশে একক পেশাজীবীর মধ্যে সর্বোচ্চ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত করোনা আক্রান্ত সদস্যদের মধ্যে ৫ হাজার ৭৯৪ জন সদস্য সুস্থ হয়েছেন। যাদের অধিকাংশই পুনরায় কাজে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পুলিশে একক ইউনিটের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সর্বোচ্চ ২ হাজার ১৯৩ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে, পুলিশে আরও ৪ হাজার ১৮৮ জন সদস্য করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। এছাড়া আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টিনে রয়েছেন ৯ হাজার ৪ জন সদস্য।



