মাহমুদ খান, মৌলভীবাজার প্রতিনিধি: একাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামীলীগ তথা মহাজোট মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি ষষ্ঠবারের মত দলীয় মনোনয়ন পাওয়ার পর তার সমর্থক ও অনুসারীদের নিয়ে গণ সংযোগ ও প্রচারনা চালান। নির্বাচনী মাঠের অবস্থায় যাচাই করে অবশেষে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা করে আভ্যন্তরিন বিরোধ মিটিয়ে ঐক্যমতে বিজয় নিশ্চিতে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা নৌকার পক্ষে মাঠ পর্যায়ে প্রচারনা ও গণ সংযোগ শুরু করেছেন।
সকল দলের অংশ গ্রহনে নানা কারণে আসন্ন একাদশ সংসদ নির্বাচন এবার আলোচনার বড় একটি বিষয়। এর মাঝে মনোনয় পাওয়া না পাওয়া নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলের বড় ধরনের বিভিক্ত ছিল। এ বিভক্তির কারণে সাধারণ ভোটারদের কাছ থেকে দলীয় প্রার্থী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ কিছুটা দূরে ছিলেন। মাঠ পর্যায়ে তৃণমূলের অনেক নেতাকর্মীরা ছিল মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য ও কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমানের পক্ষে।
দলের আভ্যন্তরীন বিরোধ নিরসনে গত ৫ ডিসেম্বর বুধবার কমলগঞ্জের ভানুগাছ বাজারে সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দদের উপস্থিতিতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত একটি বর্ধিত কর্মীসভা করে আভ্যন্তরিক বিরোধ সমাধান করা হয়। এ সভায় দলীয় প্রার্থী উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি তাঁর বক্তব্যে সব কিছু ভুলে গিয়ে দলের ও দলীয় প্রতীকের বিজয় নিশ্চিত করতে সবার কাছে আহ্বান জানিয়েছিলেন। এ সভায় সবাই প্রার্থীতার বিষয়টি ভুলে দলীয় প্রতীককে সবার উপরে তুলে নৌকার বিজয় নিশ্চত করতে ঐক্যমত পোষণ করেন।
কমলগঞ্জ উপজেলায় নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমদকে আহ্বায়ক ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক মো: রফিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক ও ইমতিয়াজ আহমদ বুলবুলকে সদস্য সচিব করা হয়। এ সভার পর থেকে কমলগঞ্জ উপজেলায় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নৌকার নির্বাচনী প্রাচরনা শুরু করেন।
কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় আওয়ামীলীগ সদস্য অধ্যাপক মো: রফিকুর রহমান বলেন, দলীয় প্রতীকের বিরুদ্ধে যাবার কোন সুযোগ নেই। দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত সবাইকে মেনে চলতে হবে। তাইতো উপজেলা পর্যায়ে বর্ধিত সভা করে সবাইকে সাথে নিয়েই এখন বিজয় নিশ্চিত করতে দলীয় প্রতীক নৌকার পক্ষে জোর প্রাচারনা শুরু করেছেন।
এ ঐক্যবদ্ধ প্রচারনায় কমলগঞ্জে নৌকার অবস্থান বেশ ভাল বলেও তিনি দাবি করেন বলেন, সকল নেতাকর্মী ও সমর্থকরা যদি মনে প্রাণে কাজ করেন তা হলে সত্যিকারভাবে নৌকার বিজয় নিশ্চিত হবে।
এদিকে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামীলীগ তথা মহাজোট মনোনীত প্রার্থী সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি শনিবার বিকেলে কমলগঞ্জ পৌরসভা ও কমলগঞ্জ সদর ইউনিয়নে একাধিক নির্বাচনী পথসভায় যোগদান করে ভানুগাছ বাজারে গণসংযোগ করেন। এ সময় দলের সকলস্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।