ডাগ আউটে ওয়াকার ইউনিসের বিষণ্ন চেহারাটা বারবারই ধরা হচ্ছিল টেলিভিশন ক্যামেরায়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও ওয়াকার ধুয়ে দিয়েছেন তাঁর দলের ব্যাটসম্যানদের। বলেছেন, ‘ভালো ব্যাটিং না করলে, প্রতিপক্ষকে মোটামুটি চ্যালেঞ্জিং সংগ্রহের সামনে ফেলতে না পারলে জয় আসবে কীভাবে?’
নিজে ফাস্ট বোলার ছিলেন বলেই হয়তো ভিন্ন দলের ফাস্ট বোলারদের দিকে দৃষ্টিটা এমনিতেই চলে যায়। মাঠে নাকি তাঁর থেকে থেকেই দৃষ্টি চলে যাচ্ছিল বাংলাদেশের ফাস্ট বোলার তাসকিন আহমেদের দিকে, ‘বাংলাদেশ সত্যিই খুব ভালো কয়েকজন ফাস্ট বোলারের দেখা পেয়েছে।
তাসকিন তো দারুণ বল করেছে। সময়ের সঙ্গে সঙ্গে সে পরিণত হয়ে উঠছে। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ এক ব্যাপার।’
পাকিস্তানি ব্যাটসম্যানদের সময়টা খারাপ যাচ্ছে, নাকি এশিয়া কাপের উইকেটটা বেশি পরীক্ষা নিয়েছে? এমন প্রশ্নে কিছুটা বিরক্তিই প্রকাশ করেছেন ওয়াকার।
তাঁর মতে, ‘যে উইকেট একটু বোলারদের দিকে সহায়তার হাত বাড়ায়, সেখানে খেলতে নামলেই ফর্ম হারিয়ে ফেলাটা কোনো কাজের কথা নয়। ব্যাটসম্যানদের সময়টা খারাপ যাচ্ছে—এই কথায় আমার আপত্তি আছে। বরং বলুন, এরা সবাই ফর্ম হারিয়ে ফেলেছে।’
আম্পায়ারিং নিয়ে কোনো অভিযোগ নেই ওয়াকারের। গতকাল হাফিজের আউটটা নিয়ে পাকিস্তান অবশ্য আপত্তি তোলার সুযোগই পেল না। হাফিজের আউটের চেয়ে আম্পায়ারের ভুল সিদ্ধান্তে মুশফিকের আউট হওয়াই বেশি প্রভাব ফেলেছে ম্যাচে।
ওয়াকার বললেন, ‘হ্যাঁ, একটি-দুটি সিদ্ধান্ত হয়তো আমাদের দিকে আসতে পারত। কিন্তু এসব নিয়ে এখন কথা বলে কোনো লাভ নেই।