× Banner

এমপির খবরদারি খর্ব

admin
হালনাগাদ: বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: মেয়র পদে প্রার্থী নির্বাচনে স্থানীয় সংসদ সদস্যের খবরদারির সুযোগ থাকলেও ইউনিয়ন পরিষদে (ইউপি) থাকছে না।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। সভায় আগামী মার্চে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পদ্ধতি চূড়ান্ত করে দলটি। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, আর্ন্তজাতিক সম্পাদক ফারুক খান, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আব্দুল মান্নান খান প্রমুখ।

বৈঠকে শেষে দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, জেলা, উপজেলা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম সুপারিশ করে কেন্দ্রীয় স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে পাঠাবে। পরবর্তীকালে কেন্দ্রীয় বোর্ড সভাপতির পরামর্শে তৃণমূলের সুপারিশকৃত প্রার্থীদের তালিকা থেকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে।

বৈঠকে উপস্থিত দুইজন নেতা জানান, পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে অনেক সংসদ সদস্য কৌশলে বিদ্রোহী প্রার্থীদের মদদ দিয়েছে। এমনকি তৃণমূল থেকে সুপারিশকৃত প্রার্থী তালিকা কেন্দ্রে পাঠানোর সময়ও প্রভাব বিস্তার করেছে। অনেক সংসদ সদস্য দলীয় সিদ্ধান্ত অমান্য করে অন্য দলীয় প্রার্থীদের জয়লাভে কৌশলে সহায়তা করেছে নিজের রাজনৈতিক আধিপত্য ধরে রাখার জন্য। এ সব অভিজ্ঞতার আলোকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে তৃণমূল থেকে আরো শক্তিশালী করতে আওয়ামী লীগ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

ওই নেতারা আরো বলেন, বৈঠকে পৌরসভা নির্বাচনের ন্যায় ইউপি নির্বাচনেও দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখতে অভিমত ব্যক্ত করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আর হানিফের বক্তব্যকে সমর্থন করেন দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

গত পৌরসভা নির্বাচনের আগে আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জেলা কমিটি, উপজেলা কমিটি, শহর কমিটি/পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ নিয়ে একজন প্রার্থী মনোনয়ন দেবেন। মনোনীত প্রার্থীর নাম ধানমন্ডির আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে হবে। পরে দলের স্থানীয় সরকার/পৌর মেয়র মনোনয়ন বোর্ড মেয়র প্রার্থীর নাম ও প্রতীক বরাদ্দ করবে।

এদিকে, মঙ্গলবার বৈঠকে গত পৌরসভা নির্বাচনে স্থগিতাদেশপ্রাপ্ত দুটি পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুর জেলার শাহরাস্তি ও ভোলা জেলার চরফ্যাশন মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।এ দুটি পৌরসভায় আগামী ১৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সভায় চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভায় হাজী আবদুল লতিফ এবং ভোলা জেলার চরফ্যাশন পৌরসভায় বাদল কৃষ্ণ দেবনাথকে মনোনয়ন দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..