এনআরসির ভয়াবহ রূপ যে কোনও দিন বাংলার মাটি ছুয়ে ফেলবে। সেই কারণে সময় থাকতে বাংলার মানুষের সতর্ক হওয়া উচিৎ। অসমের শিলচরে বহুদিন থাকার সুবাদে তিনি নিজের অভিজ্ঞতা থেকেই পশ্চিমবাংলাবাসীকে এমন সতর্কবার্তা দিলেন। বললেন অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা অসম রাজ্য নাগরিক অধিকার সমন্বয় সমিতির সভাপতি তপোধীর ভট্টাচার্য।
রবিবার এনআরসি বিরোধী একটি অনুষ্ঠানে জাতীয় নাগরিকপঞ্জির বিরোধীতা বারবার উঠে এসেছে তাঁর প্রতিবাদী কণ্ঠে।
অসমে জাতীয় নাগরিকপঞ্জির প্রথম খসড়ায় বাদ পড়েছিল অসম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা অসম রাজ্য নাগরিক অধিকার সমন্বয় সমিতির সভাপতি তপোধীর ভট্টাচার্যের নাম। সেই সময় তিনি প্রশ্ন তুলেছিলেন রাষ্ট্রপতির নির্বাচন করা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের নাম কীভাবে নাগরিক পঞ্জির তালিকা থেকে বাদ যায়।
ভারত সভা হলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তপোধীর, নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে হিটলারের সঙ্গে তুলনা করেন। তাঁর মতে, অসমের বাঙালিরা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে। ১৯৬০ সালের জুলাই মাসে গুরুশ্বরে গণহত্যা হয়েছিল। সেই সময় ব্রহ্মপুত্র উপত্যকা থেকে বহু মানুষ বরাক উপত্যকায় আশ্রয় নেয়। তখন থেকেই ‘বঙ্গাল হঠাও’ অভিযান শুরু।
তপোধীরের কথায়, “বাংলা ভাষায় কথা বলা কোনও অপরাধ নয়। অসমিয়াদের একমাত্র অবলম্বন বাঙালি বিদ্বেষ। এখন সেখানে যোগ হয়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর নব্য দ্বিজাতিতত্ত্ব।” লোকসভা ভোটের ফল নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন তপোধীর ভট্টাচার্য। তিনি মনে করেন, বিজেপি সরকার সমস্ত বাঙালিকে একঘরে করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আজ ভারতের বাঙালিরা বিপন্ন।
এনআরসি বিরোধী ওই সভায় ঘোষণা হয়, ১৫ আগস্ট জোড়াসাঁকো থেকে রাজাবাজার পর্যন্ত জাতীয় নাগরিকপঞ্জি বিরোধী একটি মিছিলে অংশ নেবেন সংবেদনশীল মানুষেরা। সেই দিন রাখী বন্ধনের মধ্যে দিয়ে বাংলায় সম্প্রীতি ফেরাতে উদ্যোগী হবেন এনআরসি বিরোধী যুক্তমঞ্চের সদস্যরা।