এএসআই দিবাকরকে ধর্ম তুলে গালাগাল করলেন উপজেলা চেয়ারম্যান

এএসআই দিবাকরকে ধর্ম তুলে গালাগাল করলেন উপজেলা চেয়ারম্যান

কর্তব্যরত অবস্থায় সালাম না দেওয়ার অভিযোগ এনে ধর্ম তুলে গালাগাল করার অভিযোগ উঠেছে বরগুনার বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটুর বিরুদ্ধে। ভুক্তভোগী বামনা থানার এএসআইয়ের নাম দিবাকর চন্দ্র দাস।

গতকাল সোমবার দুপুর ১টার দিকে বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রকাশ্যে ঐ এএসআইকে গালিগালাজ করেন তিনি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অভিযোগ পাওয়া গেছে, ওই এএসআই কিভাবে বামনা থানায় চাকরি করেন সেটাও তিনি দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন।

এএসআই দিবাকর চন্দ্র দাস অভিযোগ করে বলেন, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে আমি ডিউটিতে ছিলাম। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা যখন মঞ্চ থেকে নামতে শুরু করেন ঠিক তখন আমি অতিথিদের সালাম দেই। এমন সময় বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইতুল ইসলাম লিটু আমাকে লক্ষ্য করে আমার ধর্ম তুলে গালিগালাজ শুরু করেন। এ সময় আমি বার বার তাকে বোঝাতে চেষ্টা করি স্যার আমি আপনাকে সালাম দিয়েছি। আপনি হয়তো দেখেননি স্যার। তার পর তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। আমাকেসহ আমার থানায় কর্মরত আরও যত আমার সম্প্রদায়ের সদস্যরা রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে তিনি গালিগালাজ করেন। তিনি প্রকাশ্যে আরও অনেক গালি দিয়েছে যেটা এখন বলতে আমার রুচিতে বাধে।

সবার সামনে উপজেলা চেয়ারম্যানের এমন আচারণে ক্ষুব্ধ উপস্থিত অনেকেই। তাদের মধ্যে একজন নাম প্রকাশ না করার শর্তে জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান যেভাবে ওই পুলিশ সদস্যকে আক্রমণাত্মক ভঙ্গিতে গালিগালাজ করেছেন আমরা ভেবেছি হয়তো এখনই গায়ে হাত তুলবেন। তবে এ সময় ওই পুলিশ সদস্য তাকে বারবার শান্ত করার চেষ্টা করলেও তিনি শান্ত হননি। এর পূর্বেও তিনি বিভিন্ন সময়ে অনেককেই গালিগালাজ করেছিলেন।

নাম প্রকাশ না করার শর্ত বামনা সোনালী ব্যাংকের একজন কর্মচারী জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ব্যাংকে আসার পরে আনসার সদস্য তাকে চিনতে পারেনি। তাই এ সময় তাকে ওই আনসার সালাম দেয়নি। তিনি তাৎক্ষণিক ওই আনসার সদস্যকে গালিগালাজ শুরু করেন।

বামনা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়ের অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে এএসআই দিবাকরসহ আরও দুই পুলিশ সদস্য সেখানে গিয়েছিলেন। উপজেলা চেয়ারম্যানকে সালাম না দেওয়ায় তিনি এএসআই দিবাকরের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। এ ঘটনাটি ভুক্তভোগীসহ অনেকেই ঘটনাস্থল থেকে জানিয়েছেন। আমি তাৎক্ষণিক বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেছি। এ বিষয়ে আমরা আমাদের ডিপার্টমেন্টাল ব্যবস্থা নিচ্ছি।

এ ব্যাপারে অভিযুক্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু বলেন, ওই পুলিশ সদস্য একটা বেয়াদব। আমরা অতিথিরা মঞ্চ থেকে নামতেছি দেখেও বসে ছিল। তাছাড়া আমার সফিপুরে একটি জমিজমা বিরোধের বিষয়ে একটি পরিবার থেকে ওই পুলিশ টাকা নিয়েছে। তাই আগে থেকেই তার ওপর আমার রাগ ছিল।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান, মাউশি বরিশাল আঞ্চলিক পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।