স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেছেন, উপকূলীয় এলাকায় সুপেয় পানি প্রাপ্তি নিশ্চিত করতে কাজ করছে সরকার। পানিতে লবণাক্ততা বৃদ্ধি এবং ভূ-গর্ভস্থ পানিতে আর্সেনিকের কারণে উপকূলীয় অঞ্চলে পানির যে সঙ্কট তৈরি হয়েছে তা সমাধানের জন্য একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। বৃষ্টির পানি ব্যবহার, জলধার ও পুকুর নির্মাণ তথা ভূ-উপরিস্থ পানির ওপর জোর দেওয়া হচ্ছে। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে সবার জন্য সুপেয় ও নিরাপদ পানীয়জল সরবরাহে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
আজ খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘উন্নয়ন অগ্রযাত্রায় পানির ন্যায্যতা’ প্রতিপাদ্য নিয়ে দু’দিনব্যাপী দ্বিতীয় উপকূলীয় পানি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়-সহ সরকারি-বেসরকারি ৪৫টি সংস্থা ও প্রতিষ্ঠান এই সম্মেলনের আয়োজন করে।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ সাইফুর রহমান এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সমন্বয়ক ফ্রেড হুইটেভিন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর। স্বাগত বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ ফায়েকুজ্জামান।





