বিশেষ প্রতিবেদকঃ উদ্বোধনের অপেক্ষায় লালমনিরহাটের কাকিনা ও রংপুরের মহিপুরে তিস্তা নদীর উপর নির্মিত দ্বিতীয় সড়ক সেতু। সেতুটির কাজ এরই মধ্যে শেষ হওয়ায় চলতি মাসের শেষে অথবা এপ্রিলে সেতুটি উদ্বোধন হবে বলে জানিয়েছে প্রশাসন।
লালমনিরহাট ও রংপুরের মধ্যে সংযোগ স্থাপনকারী তিস্তা নদীর উপর নির্মিত হয়েছে এই সড়ক সেতু। এলজিইডি’র আওতায় ৮শ’৫০ মিটার দৈর্ঘ্যের তিস্তা নদীর দ্বিতীয় এই সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ১শ’ ২১ কোটি ৬৫ লাখ টাকা। এর দক্ষিণ পাড়ে রয়েছে রংপুরের গঙ্গাচড়া ও উত্তরে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাকিনার চরাঞ্চল।
চরবাসীর জীবনমানের উন্নয়ন এবং রংপুর ও লালমনিরহাটের বুড়িমারীসহ চার উপজেলার মানুষের যাতায়াত ও মালামাল পরিবহনে সময় বাঁচাতে সরকার ২০১২ সালের সেপ্টেম্বরে লালমনিরহাট ও রংপুর এর মাঝামাঝি মহিপুরে তিস্তা নদীর উপর সড়ক সেতু নির্মাণকাজ শুরু করে।
চরাঞ্চলবাসীর জীবনমানের উন্নয়নে সেতুটি দ্রুত খুলে দেয়ার দাবি জানান স্থানীয়রা।
উপজেলা প্রকৌশলী জানান, এরই মধ্য সেতুসহ রেলিং, ফুটপাত, নদী শাসন ব্যবস্থা, সিসি ব্লকের কাজ শেষ হয়েছে।
তিনি আরও জানান, নির্মাণকাজ শেষ হওয়ায় চলতি মার্চ অথবা এপ্রিলে সেতুটি উদ্বোধন করা হবে।




