ইয়েমেনে রাজনৈতিক সংকট সমাধানের আভাস

নিউজ ডেস্কঃ ইয়েমেনে যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে রাজনৈতিক সংকট সমাধানের আভাস দিয়েছেন প্রধানমন্ত্রী খালিদ বাহাহ। এ লক্ষ্যে আগামী ১৫ই ডিসেম্বর ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলো জেনেভায় বৈঠকে বসছে বলে জানিয়েছে গণমাধ্যম।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সৌদি জোট শিশুদের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই অবস্থায় সেখানে একটি দীর্ঘমেয়াদী শান্তিচুক্তি প্রয়োজন বলে দাবি করছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও বিশিষ্টজনেরা।

ইয়েমেনে হাউথি বিদ্রোহী, হাদি বাহিনী ও সৌদি জোটের ত্রিমুখী লড়াইয়ে পাল্টে গেছে রাজধানী সানার চিরচেনা চিত্র। জোটের বোমা হামলায় বিধ্বস্ত সেখানকার আবাসিক ও প্রশাসনিক ভবনসহ রাষ্ট্রীয় অবকাঠামোগুলো। এই দুরবস্থার দ্রুত অবসানে ইয়েমেনে যুদ্ধ বন্ধ করে দীর্ঘমেয়াদী শান্তিচুক্তির উদ্যোগ নিতে ইয়েমেন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিশিষ্টজনেরা।

ইয়েমেনি কংগ্রেস পার্টির নেতা আদেল আলচজা বলেন, ‘এই যুদ্ধ আমাদের শেষ করে দিচ্ছে। ছোটছোট যুদ্ধবিরতি এই সঙ্কট সমাধানের জন্য যথেষ্ট নয়। আমরা চাই জাতিসংঘের মধ্যস্থতায় সব পক্ষ অস্ত্র সংবরণে সম্মত হোক।’

ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রধান হাসান আলরিত বলেন, ‘আমরা একটি কার্যকর শান্তিচুক্তি দেখতে চাই এবার। যার মধ্য দিয়ে সত্যিকার অর্থেই রাজনৈতিক পরিবর্তন আসবে। এটাই এ-মুহূর্তে সবচেয়ে জরুরি।’

ইয়েমেনে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও। শুক্রবার সৌদি জোটের হামলার তীব্র নিন্দা জানিয়ে প্রকাশ করা এক বিবৃতিতে অ্যামনেস্টি দাবি করে, হাউথি নিধনের নামে সৌদি জোট বিভিন্ন নাগরিক অবকাঠামো ও স্কুলে হামলা চালিয়ে শিশুদের হত্যা করছে।

অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের এমন চাপের মুখে অবশেষে শান্তি আলোচনায় বসতে রাজি হয়েছে হাদি সরকার। শুক্রবার প্রধানমন্ত্রী খালিদ বাহাহর পক্ষ থেকেও যুদ্ধ বন্ধে আলোচনা শুরুর বিষয়ে সবুজ সংকেত পাওয়া গেছে।

এর আগে ইয়েমেন সংকট নিরসনে জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনায় বসতে সম্মত হয় হাউথিরা। আগামী ১৫ই ডিসেম্বর সুইজারল্যান্ডের জেনেভায় প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন তারা।

ইয়েমেনি প্রধানমন্ত্রী খালিদ বাহাহ বলেন, ‘আমরা ইয়েমেনের জনগণকে জানাতে চাই, আমরা এই আলোচনার মধ্য দিয়ে আটমাস ধরে চলা ভয়াবহ যুদ্ধ বন্ধের সর্বাত্মক চেষ্টা করবো। আমরা হাউথি বিদ্রোহী ও আবদুল্লাহ সালেহর চাপিয়ে দেয়া এই যুদ্ধ থেকে আমাদের দেশের মানুষকে এবার মুক্ত করবোই।’

ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল মালিকি বলেন, ‘প্রেসিডেন্ট হাদি এরই মধ্যেই জাতিসংঘ মহাসচিবের কাছে সাত দিনের যুদ্ধবিরতির লক্ষ্যে একটি চিঠি দিয়েছেন। বিরোধীরা চাইলে এই সাতদিন পর দীর্ঘমেয়াদী শান্তিচুক্তি হতে পারে আমাদের মধ্যে।’

এদিকে, ইয়েমেনের তাইজে এখনো চলছে হাদি বাহিনী ও হাউথি বিদ্রোহীদের সংঘর্ষ। জোটের বিমান হামলাও অব্যাহত রয়েছে সেখানে। এর জবাবে শুক্রবার হাউথিরা সৌদি সীমান্তের দুটি গ্রাম দখল করে নিয়েছে বলে জানায় ইরানি গণমাধ্যম প্রেসটিভি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।