অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী

অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা চালু হলে শ্রমবাজারে তরুণদের গ্রহণযোগ্যতা বাড়বে: প্রধানমন্ত্রী
অভিন্ন ও মানসম্পন্ন প্রশিক্ষণ ব্যবস্থা

দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের অধীনস্থ প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ প্রদান ও একক সনদায়ন ব্যবস্থা চালুর কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির ৩য় সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় প্রধানমন্ত্রী বলেন, “জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের আধুনিক চাহিদার সাথে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এনএসডিএকে প্রধান রূপরেখা তৈরি করতে হবে। অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং স্বীকৃত সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের কাজের সক্ষমতা বাড়বে, যা বৈশ্বিক শ্রমবাজারে তাদের মর্যাদা ও কাঙ্ক্ষিত গ্রহণযোগ্যতা নিশ্চিত করবে।”

তিনি উদ্বেগ প্রকাশ করে উল্লেখ করেন যে, বর্তমানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় আলাদাভাবে যুব সমাজের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দিলেও সঠিক সমন্বয়হীনতার কারণে অনেক ক্ষেত্রে এই সনদগুলো আন্তর্জাতিক অঙ্গনে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে আমাদের যুবসমাজ যোগ্যতা থাকা সত্ত্বেও যথাযথ মূল্যায়ন থেকে বঞ্চিত হচ্ছে।

এই পরিস্থিতি কাটিয়ে উঠতে এনএসডিএ গভর্নিং বডিকে দ্রুত সময়ের মধ্যে একটি উচ্চপর্যায়ের ছোট কমিটির মাধ্যমে যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করে সব প্রশিক্ষণকে একটি সূত্রে বাঁধার তাগিদ দেন প্রধানমন্ত্রী।

সভায় এনএসডিএর নতুন প্রশাসনিক কাঠামো, স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা এবং বৈশ্বিক শ্রমবাজারের খাতভিত্তিক চাহিদা বিশ্লেষণ সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।

উচ্চপর্যায়ের এ বৈঠকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জনপ্রশাসন উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।