শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকা মেট্রো সার্কেল-১-এর উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আয়োজিত কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে সড়ক ব্যবহার, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. মসিউর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়া। পাশাপাশি সড়কে শৃঙ্খলা বজায় রেখে নিরাপদে চলাচল করাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
কর্মশালায় প্রশিক্ষকেরা নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, গণপরিবহনে যাত্রীদের করণীয় এবং পথচারীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন। বিষয়গুলো সহজভাবে বোঝাতে বিআরটিএর পক্ষ থেকে সচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষ থেকে সড়ক নিরাপত্তাবিষয়ক প্রদর্শনী উপস্থাপন করা হয়।
কর্মশালায় সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্ব তুলে ধরেন বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল নোমান। তাদের বক্তব্যে সড়ক ব্যবহারকারীদের সচেতনতা বাড়ানোর মাধ্যমে দুর্ঘটনা কমানোর বিষয়টি গুরুত্ব পায়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকার মিরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক আশরাফুল আলম, নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হক, নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান এবং নিরাপদ সড়ককর্মী সফরা জাহান সেবা।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা শুধু কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সবার সম্মিলিত দায়িত্ব। সচেতনতা, শৃঙ্খলা ও মানবিক আচরণের মাধ্যমে সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব। শিক্ষার্থীদের মধ্যে এই মূল্যবোধ গড়ে তোলা জরুরি, কারণ আজকের সচেতন শিক্ষার্থীরাই ভবিষ্যতে দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী হিসেবে ভূমিকা রাখবে।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ সামনে রেখে বিআরটিএ শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস তৈরি, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মশালায় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





