ভারত উপমহাদেশের প্রখ্যাত চিকিৎসক দ্বারকানাথ শান্তারাম কোটনিস জন্মদিন আজ। সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী ইন্দো-চীন ঐক্যের প্রতীক ডাঃ দ্বারকানাথ শান্তারাম কোটনিস।
দ্বারকানাথ শান্তারাম কোটনিস মহারাষ্ট্রের সোলাপুরে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শান্তারাম্ম কোটনিসের তিন পুত্র ও পাঁচ কন্যা ছিল। দ্বারকানাথ বম্বে বিশ্ববিদ্যালয়ের শেঠ গোবর্ধনদাস সুন্দরদাস মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন। কোটনিস পিতার কাছ থেকে দেশপ্রেম ও সেবার ভাবনায় অনুপ্রাণিত হয়েছিলেন।
জাপানের চীন আক্রমণের পরে ১৯৩৮ খ্রিষ্টাব্দে চু তে জওহরলাল নেহরুকে ভারত থেকে কয়েকজন চিকিৎসককে চীনে পাঠাতে অনুরোধ করেন। ১৯৩৮ খ্রিষ্টাব্দের ৩০শে জুন ভারতীয় জাতীয় কংগ্রেসের তৎকালীন সভাপতি সুভাষচন্দ্র বসু ভারতবাসীর কাছে এই বিষয়ে আবেদন করেন। এছাড়াও তিনি মডার্ণ রিভিউ পত্রিকায় দূর প্রাচ্যে জাপানের ভূমিকা বিষয়ে এক নিবন্ধ লেখেন। সুভাষচন্দ্রের ডাকে সাড়া দিয়ে মেডিক্যাল মিশনে স্বেচ্ছাসেবক হতে সাতশতাধিক চিকিৎসক আবেদন করলেও বেছে নেওয়া হল পাঁচজনকে – এলাহাবাদের ডাঃ মদনমোহন লাল অটল, নাগপুরের ডাঃ এম চোলকার, কোলকাতার ডাঃ দেবেশ মুখার্জী ও ডাঃ রণেন সেন এবং মুম্বাইয়ের ডাঃ কোটনিস যোগদান করেন ও ১৯৩৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে চীনের উদ্দেশ্যে রওনা হন।
পাঁচজনের এই চিকিৎসক দল চীনের ঊহান শহরের হানকো বন্দরে পদার্পণ করলে তাদের ইয়েনান পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তাদের অভ্যর্থনা জানান মাও সে তুং, চু তে ও অন্যান্য চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারা। চীন যাওয়ার পরে কোটনিস পিতার মৃত্যুসংবাদ পান কিন্তু কোটনিস সেবার ব্রত পরিত্যাগ করে দেশে ফিরে আসেননি। ১৯৩৯ খ্রিষ্টাব্দে তিনি উটাই পর্বতের নিকটে জিন-চা-জি সীমান্তে মাও সে তুংয়ের নেতৃত্বে থাকা অষ্টম রুট বাহিনীতে যোগদান করেন। কোটনিস যুদ্ধ চলাকালীন অত্যন্ত প্রতিকূল পরিবেশে প্রায় ৮০০ আহত সৈন্যের চিকিৎসা করেন। এই সময়ে কিছুদিন জিন-চা-জি (晉察冀) সৈন্য বিভাগে ডঃ বেথুন স্বাস্থ্যবিধি বিদ্যালয়ে স্বাস্থ্য বিষয়ক ভাষণ দিতেন।
পরে তাকে ইয়েনানের ডঃ বেথুন আন্তর্জাতিক শান্তি হাসপাতালের ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ ডিসেম্বর ২০১৯ তারিখে প্রথম অধিকর্তার দায়িত্ব দেওয়া হয়। পাঁচজনের এই দলের বাকি সদস্যরা মিশন শেষে ভারতে ফিরে যান কিন্তু দ্বারকানাথ কোটনিস আর ফেরেননি। চীনা ভাষা শিখে নেন এবং সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধে জড়িয়ে পড়েন।
১৯৪১ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে কোটনিস ডঃ বেথুন আন্তর্জাতিক শান্তি হাসপাতালের এক সেবিকা গুয়ো কুইংলানকে বিবাহ করেন। ১৯৪২ খ্রিষ্টাব্দের ২৩শে আগস্ট তাদের এক ছেলের জন্ম হয়। নিয়ে রংঝেনের উপদেশ মতো ভারতের চীনা প্রতিশব্দ ইন (印) ও চীনের চীনা প্রতিশব্দ হুয়া (华) মিলিয়ে তার নাম রাখা হয় ইনহুয়া।
প্রতিকূল যুদ্ধকালীন পরিবেশে প্রতিনিয়ত কাজের দরুন কোটনিসের স্বাস্থ্য ভেঙ্গে পড়ে। ইনহুয়ার জন্মের মাত্র তিন মাস পরেই কোটনিস মৃগীরোগে আক্রান্ত হন। পরপর একটানা খিঁচুনির ফলে ১৯৪২ খ্রিষ্টাব্দের ৯ই ডিসেম্বর কোটনিসের মৃত্যু হয়।
কোটনিসের জীবন নিয়ে শান্তারাম রাজারাম ভাঙ্কুদ্রের পরিচালনায় ও খ্বাজা আহমেদ আব্বাসের রচনায় ১৯৪৬ খ্রিষ্টাব্দে ডঃ কোটনিস কি অমর কহানি নামে একটি হিন্দী চলচ্চিত্র তৈরী হয়। ১৯৮২ খ্রিষ্টাব্দে কে ডি হ্যুয়া দাই ফু নামে এক চীনা চলচিত্রও তার জীবন নিয়ে তৈরি হয়।
সমাজতন্ত্রী চীনের স্রষ্টা মাও সে তুং ডাঃ কোটনিস এর মহাপ্রয়ানে লিখেছেন, ডাঃ কোটনিস, আমাদের ভারতীয় বন্ধু, সুদূর চীনে এসেছিলেন আমাদের প্রতিরোধ-যুদ্ধে সাহায্য করতে। ইয়েনান ও উত্তর চীন মিলিয়ে পাঁচ বছর কাজ করেছেন তিনি, আমাদের আহত সেনাদের চিকিৎসা করেছেন এবং অবিশ্রাম পরিশ্রমের দরুন অসুস্থ হয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন। চীনের গণমুক্তি ফৌজের এক সহযোগী হাত আজ হারিয়ে গেল,চীনা জাতি তার এক বন্ধুকে হারালো। তাঁর আন্তর্জাতিকতাবাদী মননকে আমরা যেন চিরকাল মনে রাখি’। একখন্ড রাইস পেপারে নিজের বিখ্যাত ক্যালিগ্রাফিতে এই শোকবার্তা লিখে পাঠিয়েছিলেন, তিনি আর কেউ না, ভারত-চীন মৈত্রীর সবচেয়ে বড় প্রতীক ডাঃ দ্বারকানাথ শান্তারাম কোটনিস।
চৌ এন লাই তাঁর শোকবার্তায় লিখলেন, ‘ডাঃ কোটনিস মহান চীন-ভারত মৈত্রীর প্রতীক এবং জাপ তথা বিশ্ব ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যৌথ লড়াইয়ে অংশগ্রহণকারী ভারতীয় জনগণের প্রোজ্জ্বল প্রতীক।’
ম্যাডাম সান ইয়াৎ সেন লিখলেন, ‘তাঁর স্মৃতি শুধু ভারত বা চীনের জনগণের কাছেই উজ্জ্বল থাকবে তা নয়, সমগ্র মানবজাতির স্বাধীনতা ও প্রগতির জন্য নাম লেখানো প্রত্যেক যোদ্ধার কাছে তা চিরভাস্বর হয়ে থাকবে। বর্তমানের চেয়েও ভবিষ্যৎ তাঁকে অনেক বেশী শ্রদ্ধা নিবেদন করবে, কেননা তাঁর সংগ্রাম ছিল ভবিষ্যতের জন্য।’