ঢাকা, ২৫ ফাল্গুন (১০ মার্চ) : আগামী বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ পৌঁছে দেওয়া হবে। ইতোমধ্যে ১৯০টি ইউনিয়ন ছাড়া দুর্গম পার্বত্য অঞ্চল, দ্বীপ, চর ও হাওরসহ সর্বত্র উচ্চগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হয়েছে। বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
আজ টাঙ্গাইলের মধুপুরের দুর্গম পাহাড়ে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেটের সংযোগের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আম্বার আইটি’র উদ্যোগে মধুপুরের গারো জনগোষ্ঠী অধ্যুষিত কয়েকটি গ্রামে এই সংযোগ প্রদান করে।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মধুপুরের দুর্গম পাহাড়ি অঞ্চলসহ সকল দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক চালু করারও আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, আমরা ইতোমধ্যে ফাইভ-জি উদ্বোধন করেছি। কৃষি, মৎস্য চাষ ও শিল্প-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে ফাইভ-জি হবে এগিয়ে যাওয়ার বড় হাতিয়ার বলে মন্ত্রী উল্লেখ করেন। মন্ত্রী দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাকে বিকশিত করতে উচ্চগতির ডিজিটাল সংযোগ সংযোগসহ তাদেরকে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দৈনিক প্রথম আলো পত্রিকা সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক মুনীর হাসান, প্রতিবেদক রাহিতুল ইসলাম এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।