রায়পুর প্রতিনিধি: আওয়ামী লীগ আসন্ন পৌরসভার নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে লক্ষ্মীপুরের রায়পুরে ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনোনিত করা নিয়ে চরম বিপাকে রয়েছে।
এদিকে অসুস্থতার কারণ দেখিয়ে পৌর ৬নং ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর তোফাজ্জল হোসেন স্বপন পাটওয়ারী সভাপতির পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন।
বুধবার সকালে তিনি পদত্যাগপত্রের মাধ্যমে লক্ষ্মীপুর জেলার ও রায়পুর পৌর আ.লীগসহ সাংবাদিকদের অবহিত করেন। তিনি পশ্চিম কাঞ্চনপুর গ্রামের পৌর ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আ.লীগের সভাপতি।
দলীয় সূত্রে জানা যায়, পৌর সভার ৯ ওয়ার্ডে অন্য দল থেকে যোগদান করাসহ আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত শুক্রবার বিএনপি সম্মেলনের মাধমে ৯নং ওয়ার্ডেই তাদের একক প্রার্থী মনোনিত করেন। কিন্তু বিদ্রোহী প্রার্থীর কারণে পৌর আওয়ামী লীগ কমিটি একজন করে প্রার্থী মনোনিত করছেন পারছেন না। এতে চরম বিপাকে রয়েছে আওয়ামী লীগ।
এদিকে, পৌরসভার ৬নং ওয়ার্ডে পৌর আওয়ামী লীগের ১নং যুগ্ম-আহ্বায়ক বর্তমান কাউন্সিলর আইনুল কবির মনির, সাবেক কাউন্সিলর পৌর আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড সভাপতি তোফাজ্জল হোসেন স্বপন পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি রোমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাষ রায়, সদস্য জুয়েল মৃধ্যা ও শ্রমিক লীগের পৌর সভাপতি নামজুল আলম ভুট্টো পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র গ্রহণ করেন।
একজন প্রার্থীর নির্বাচনের লক্ষ্যে শনিবার সন্ধ্যায় পৌর আ.লীগের আহ্বায়কের জলসাঘরে সব প্রার্থীকে নিয়ে বৈঠক করেন। ৩ প্রার্থীসহ ওয়ার্ড কমিটির কয়েকজন নেতা মনিরকে সমর্থন দেয়ায় আইনুল কবির মনিরকে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনিত করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার স্বপন পাটওয়ারী সভাপতির পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা জানান, নৌকার প্রতীকে আ.লীগের মেয়রের পক্ষে এবং নিজে প্রার্থী হওয়ায় স্বপন পাটওয়ারী সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডেই আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী থাকায় দলীয় প্রার্থী মনোনিত করা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। অথচ বিএনপি একক প্রার্থী ঘোষণা দিয়ে দিয়েছে।
পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামসেদ কবির বাক্কি বিল্লাহ জানান, দল থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে পৌর আওয়ামী লীগের ১নং যুগ্ম-আহ্বায়ক, বর্তমান কাউন্সিলর ও দ্বিতীয় প্যানেল মেয়র আইনুল কবির মনিরকে মনোনিত করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে স্বপন পাটওয়ারী সভাপতির পদ থেকে পদত্যাগ করায় সিনিয়র সহ-সভাপতি রোমান পাটওয়ারীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে। ওয়ার্ড কমিটি ও প্রার্থীদের নিয়ে বৈঠকের মাধ্যমে প্রতিটি ওয়ার্ডে একজন করে কাউন্সিলর প্রার্থী মনোনিত করা হচ্ছে।