মাগুরার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আছাদুজ্জামানের ২৬ তম মৃত্যু বার্ষিকী আজ। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যু হয়। দিনটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন আজ বুধবার সকালে ভায়না পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত, শোক র্যালী, আলোচনা সভা ও বিনামূল্যে স্বাস্থ্য সেবাসহ নানা কার্যক্রম হাতে নিয়েছে।
মরহুম আছাদুজ্জামান ১৯৩৫ সালের ১১ই নভেম্বর মাগুরার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে ছাত্রজীবনে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬১ সালে তিনি মাগুরা বারে আইনজীবী হিসেবে যোগদান করেন। ১৯৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে আসেন।
১৯৬৫ সালে তিনি মাগুরা মহাকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে ১৯৭১ সালে মাগুরা সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন তিনি।১৯৭০ সালের নির্বাচনে তিনি পুর্ব পাকিস্তান প্রদেশিক পরিষদের এমপিএ নির্বাচিত হন। এছাড়া ১৯৭৯, ১৯৮৬ এবং ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
এর পাশাপাশি ১৯৭২ সালের গণপরিষদের সদস্য হিসেবে সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মোহাম্মদ আছাদুজ্জামান। মরহুম আছাদুজ্জামানের পুত্র সাইফুজ্জামান শিখর বর্তমানে মাগুরা-১ আসনের সংসদ সদস্য।




