আমিন বাজারে ছয় ছাত্র হত্যা মামলায় ডাঃ শেফালিকা ভৌমিক এর সাক্ষ্য গ্রহণ

অসিত কুমার ঘোষ (বাবু)ঃ রাজধানীর সন্নিকটে আমিন বাজারে ছয় ছাত্রকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় আরও এক জনের সাক্ষ্য গ্রহণ করেছে আদালত।

আজ বৃহস্পতিবার ডাঃ শেফালিকা ভৌমিক নামে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওই চিকিৎসক এই সাক্ষ্য প্রদান করেন। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম এ সাক্ষীর সাক্ষ্য প্রদানের পর আগামী ৪ অক্টোবর পরবর্তী সাক্ষ্যের দিন ধার্য করেন।

ডাঃ শেফালিকা ভৌমিক ঘটনার পর নিহতদের সঙ্গে থেকে বেঁচে যাওয়া ভিকটিম আল-আমিনের চিকিৎসা করেছিলেন। ওই সম্পর্কেই তিনি বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে চার্জশিটভূক্ত ৯২ সাক্ষির মধ্যে ৪৭ জনের সাক্ষ্য গ্রহন শেষ করলো আদালত।

২০১১ সালের ১৭ জুলাই সবে বরাতের রাতে আমিনবাজারের বড়দেশী গ্রাম সংলগ্ন কেবলার চরে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয় মিরপুর সরকারি বাঙলা কলেজের তিন শিক্ষার্থীসহ ছয় কলেজ ছাত্রকে। নিহতদের সঙ্গে থাকা তাদের বন্ধু আল-আমিন গুরুত্বর আহত অবস্থায় প্রাণে বেঁচে যান। ওই সম্পর্কেই সোমবার তিনি আদালতে সাক্ষ্য দেন। মামলাটিতে গত ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর একই আদালত ৬০ আসামীর বিরুদ্ধে চার্জগঠন করেন। ২০১৩ সালের ১৩ জানুয়ারি অতিরিক্ত পুলিশ সুপার র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক শরিফ উদ্দিন আহমেদ আদালতে চার্জশিট দাখিল করেন।

আসামীদের মধ্যে ৩০ জন জামিনে এবং ৫ জন কারাগারে এবং অপর ২৫ জন আসামী পলাতক রয়েছেন। আসামীরা হলেন, ডাকাতি মামলার বাদী আব্দুল মালেক, সাঈদ মেম্বর, আব্দুর রশিদ, ইসমাইল হোসেন রেফু, নিহর ওরফে জমশের আলী, মীর হোসেন, মজিবর রহমান, কবির হোসেন, আনোয়ার হোসেন, রজুর আলী সোহাগ, আলম, রানা, আঃ হালিম, আসলাম মিয়া, শাহীন আহমেদ, ফরিদ খান, রাজীব হোসেন, হাতকাটা রহিম, মোঃ ওয়াসিম, সেলিম মোল্ল, সানোয়ার হোসেন, শামসুল হক ওরফে শামচু মেম্বার, রাশেদ, সাইফুল, সাত্তার, সেলিম, মনির, ছাব্বির আহম্মেদ, আলমগীর, আনোয়ার হোসেন আনু, মোবারক হোসেন, অখিল খন্দকার, বশির, রুবেল, নূর ইসলাম, আনিস, সালেহ আহমেদ, শাহাদাত হোসেন রুবেল, টুটুল, অখিল, মাসুদ, নিজামউদ্দিন, মোখলেছ, কালাম, আফজাল, বাদশা মিয়া, তোতন, সাইফুল, রহিম, শাহজাহান, সুলতান, সোহাগ, লেমন, সায়মন, এনায়েত, হয়দার, খালেদ, ইমান আলী, দুলাল ও আলম।

নিহতরা হলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ম্যাপল লিফের ‘এ’ লেভেলের ছাত্র শামস রহিম শামাম (১৮), মিরপুর বাঙলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান পলাশ (২০), একই কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম খলিল (২১) ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র কামরুজ্জামান কান্ত (১৬), তেজগাঁও কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র টিপু সুলতান (১৯) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র সিতাব জাবির মুনিব (২০)। তারা পরস্পরের বন্ধু ছিলেন বলে জানা যায়।

নিহতদের সঙ্গে থাকা আরেক বন্ধু আল-আমিন গুরুত্বর আহত অবস্থায় প্রাণে বেঁচে যান। তারা শবেবরাতের রাতে নামাজ পড়ে বেড়ানোর উদ্দেশ্যে তারা বের হন বলে স্বজন ও বন্ধুরাদের দাবী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।