আমার আঙ্গুল তুলতে হয় জিয়া ও এরশাদের দিকে : ইনু

নিজস্ব প্রতিবেদকঃ তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রীক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘আমার আঙ্গুল তুলতে হয় জিয়া ও এরশাদের দিকে। ওরাই স্বাধীন দেশে জামাতের নিজামী মুজাহিদদের এ দেশে প্রতিষ্ঠা করেছে। আর খালেদা জিয়া রাজাকারদের মন্ত্রী বানিয়েছে। দেশে একবার রাজাকারের আরেকবার মুক্তিযোদ্ধাদের সরকার হতে পারে না।’

বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের প্রান কেন্দ্র ডিআইটি চত্বরে জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা জাসদের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে আপোষ করা মানে বঙ্গবন্ধুর খুনিকে রক্ষা করা। খালেদা জিয়ার সাথে আপোষ করা মানে রাজাকার ও জঙ্গিদের সাথে আপোষ করা। খালেদার কাছে ক্ষমতা যাওয়া মানে রাজাকার ও সন্ত্রাস জঙ্গিবাদের কাছে ক্ষমতা যাওয়া। তাই জঙ্গি রাজাকার মুক্ত করতে হলে খালেদাকে ক্ষমতার বাহিরে রাখতে হবে। আমরা চাই না এই বাংলায় কোনো রাজাকারের সরকার আসুক। আবার যদি রাজাকারের হাতে ক্ষমতা আসে তাহলে বঙ্গবন্ধুর মত নেতাকে মৃত্যুবরণ করতে হবে। রাজাকার ও জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দেয় সেই খালেদা কিভাবে ভাল হয়।’

তিনি বলেন, `সংবিধান রক্ষা করতে আগামী ২০১৮ সালের ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাই নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছেন। আমি কোনো নির্বাচন নিয়ে কথা বলতে চাই না। আমি রাজাকার ও জঙ্গিদের বিরুদ্ধে কথা বলতে চাই। এদেশের মাটিকে খাটি করতে হলে রাজাকার ও জঙ্গিমুক্ত দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘খালেদা জিয়া সকাল বেলা এক কথা বলে আর বিকেল বেলা বলে আরেক কথা। তার কোনো কথার ঠিক ঠিকানা নাই। খালেদা নির্বাচন চায় না। সে নির্বাচন বানচাল করতে চায়। খালেদা জিয়া সহায়ক নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন। নির্বাচন হবে এবং নির্বাচনে খালেদা ও জঙ্গি রাজাকার মুক্ত রেখেই শেখ হাসিনার সাথে ঐক্য গড়ে তুলবো।’

তিরি আরো বলেন, ‘স্বাধীন দেশে রাজাকার মুক্ত করতে ১৪ দলের সাথে জোট করার জন্য শেখ হাসিনার প্রস্তাব দিয়েছি। রাজাকার খুনিদের বিচ্ছিন্ন করতে আওয়ামী লীগের সাথে জোট করেছি। এখনো জোটে আছি আগামীতেও থাকবো। জাসদ যাকে বুক দেয় তাকে কখনো পিঠ দেয় না। তাই আমরা সবাই মিলে রাজাকার ও জঙ্গিমুক্ত দেশ গড়তে চাই।’

নারায়ণগঞ্জ জেলা জাসদের সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও মহানগর জাসদের সাধারণ সম্পাদক শাহ জাহানের পরিচালনায় বক্তব্য রাখেন- জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, সাংগঠনিক সম্পাদক মীর্জা আনোয়ারুল হক, জাসদের মহানগর কমিটির সভাপতি মোসলেম উদ্দিন আহম্মেদ, বন্দর থানা জাসদের সভাপতি মাজহারুল ইসলাম মাজু, জাসদ ফতুল্লা থানা কমিটির সভাপতি সৈয়দ হোসেনসহ আরো অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।