আমানতকারীর মৃত্যু হলে ব্যাংকে গচ্ছিত টাকা নমিনি পাবে

বিশেষ প্রতিবেদকঃ ব্যাংকে টাকা রেখে কোনো আমানতকারীর মৃত্যু হলে তার নমিনিকেই অর্থ পরিশোধ করতে হবে বলে ফের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে এই নির্দেশনা দেয়া হয়। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

এতে ১৯৮৪ সালের জারি হওয়া এ সংক্রান্ত মাস্টার সার্কুলারের অন্যান্য নির্দেশনা পরিপালনের কথাও বলা হয়েছে। ওই সার্কুলারে আমানতকারীদের সঞ্চয়ের ধরন অনুযায়ী মেয়াদপূর্তির আগে ও পরে অর্থ পরিশোধের সুনির্দিষ্ট নির্দেশনা দেয়া আছে।

উল্লেখ, গেলো বছরের ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ একটি মামলার রায়ে মৃত ব্যক্তির ব্যাংকে রেখে যাওয়া টাকা উত্তরাধিকারের ভিত্তিতে বণ্টনের নির্দেশ দেন। ওই রায়ে বলা হয়, আমানতের অর্থ নমিনি নয়, আইনসংগত উত্তরাধিকারীরা পাবেন। নমিনি সংশ্লিষ্ট ব্যাংক হিসাবের হেফাজতকারী মাত্র। আদালতের ওই রায়ের পর অনেক ব্যাংক নতুন হিসাব খোলার সময় নমিনিকে টাকা না-ও দেয়া হতে পারে-এই মর্মে অঙ্গীকারনামা নেয়া শুরু করে। এ পরিপ্রেক্ষিতে সৃষ্ট জটিলতা রোধে চলতি বছরের ১৯ এপ্রিল সুস্পষ্ট নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়, সম্প্রতি কিছু কিছু ব্যাংক আমানতকারীদের মনোনীত নমিনির কাছ থেকে অঙ্গীকারনামা নিয়েছে যে, আমানতকারীর মৃত্যুর পর তাদের মনোনীত নমিনি মৃত ব্যক্তির হিসাবে রক্ষিত আমানত প্রাপ্তির জন্য যোগ্য বা উপযুক্ত হিসেবে বিবেচিত না-ও হতে পারেন। কিন্তু এই অঙ্গীকারনামা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০১৩ সাল পর্যন্ত সংশোধিত)-এর ১০৩ ধারায় নির্দেশনার পরিপন্থী। এ অবস্থায় ব্যাংকগুলোকে ব্যাংক কোম্পানি আইন অনুসরণের নির্দেশনা দেয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইনের ওই ধারায় বলা হয়েছে, ব্যাংক কোম্পানির কাছে রক্ষিত কোনো আমানত যদি একক ব্যক্তি বা যৌথভাবে একাধিক ব্যক্তির নামে জমা থাকে- তাহলে ওই একক আমানতকারী এককভাবে বা ক্ষেত্র মতো যৌথ আমানতকারী যৌথভাবে নির্ধারিত পদ্ধতিতে এমন এক বা একাধিক ব্যক্তিকে মনোনীত করতে পারবেন। আর আমানতকারীর মৃত্যুর পর আমানতের টাকা মনোনীত ব্যক্তিকে প্রদান করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।