বিশেষ প্রতিবেদকঃ ৭ই মার্চের ভাষণ শুধু বিশ্ব ঐতিহ্য নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার ভিত্তি। এই ভাষণ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ, একে ইতিহাস থেকে বিচ্ছিন্ন করা যাবে না। বললেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ মঙ্গলবার সকালে দুদকের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, ৭ই মার্চের ভাষণকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে আমরা যারা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে রয়েছি তাদেরকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলার দেখা মিলবে।
দুদক চেয়ারম্যান বলেন, স্বাধীনতা মানে এই নয় টাকা ছাড়া মানুষের কাজ করবো না, অথবা কাজের বিনিময়ে অনৈতিক কিছু চাওয়া-পাওয়া, এটা হতে পারে না।
তিনি বলেন, ৭ই মার্চের চেতনাকে ধারণ করলে বঙ্গবন্ধুর স্বপ্নের দারিদ্রমুক্ত, ক্ষুধামুক্ত সর্বোপরি দুর্নীতিমুক্ত সোনার বাংলা বিনির্মাণ কঠিন কোনো বিষয় নয়।
তিনি আরো বলেন, অনেকে আমাদের অনুন্নত, অশিক্ষিত, দরিদ্র বলে উপহাস করতে চায়। কিন্তু ইতিহাস কি বলে ? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই অনুন্নত, দরিদ্র মানুষগুলোকে ৭ই মার্চের ভাষণের মাধ্যমে ঐক্যবদ্ধ করেছিলেন। আর এটি আজ পৃথিবীর ইতিহাসের প্রামাণ্য ঐতিহ্য।
অনুষ্ঠানে দুদক কমিশনার এফ এম আমিনুল ইসলাম, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবালসহ দুদক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



