আমাদের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এ অবস্থা শুধু ষোলো বছরের বিষয় নয়, এটা শত যুগ ধরে চলছে। আমি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর যেখানেই হাত দেই সেখানেই দুর্নীতি, অব্যবস্থাপনা। এজন্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তন করে সকল অনিয়ম, দুর্নীতি দূর করতে কাজ করে যাচ্ছি। বলেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আজ গাজীপুরের টঙ্গীতে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের উপদেষ্টা এসব কথা বলেন। সরকারি প্রকল্প লাভজনক না হওয়ার জন্য দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।
উপদেষ্টা বলেন, টঙ্গীর মৈত্রী শিল্প চলতি অর্থবছরে ২২ কোটি টাকা ভর্তুকি দিয়েছি। এটি ভালোভাবে পরিচালনা করা হলে এক বছরে এই প্রতিষ্ঠান মুনাফা অর্জন করবে। এর আগে উপদেষ্টা প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট ও বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ও টঙ্গীর শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবু ইউছুফ, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প টঙ্গীর নির্বাহী পরিচালক কাজী মাহবুব উর রহমান (উপসচিব)-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।