আবেদনময়ী আইটেম গানে ইমরান হাশমি ও সানি লিওন

বিনোদন ডেস্কঃ বলিউডের ‘দুষ্টু ছেলে’ ইমরান হাশমির বিপরীতে প্রথমবারের মতো জুটি বাঁধলেন আবেদনময়ী অভিনেত্রী সানি লিওনি। মিলন লুথরিয়া’র নতুন ছবি ‘বাদশাহো’র একটি আইটেম গানে উত্তেজনার পারদ চড়াতে দেখা গেছে তাদের!

ক’দিন আগেই দর্শক মাতিয়েছে ‘বাদশাহো’র ‘মেরে রাসকে কুমার’ শিরোনামের গানটি। এবারে এ সিনেমার ‘পিয়া মোরে’ গান দিয়ে দর্শক মাত করতে চলেছে সানি-ইমরান জুটি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ‘পিয়া মোরে’ গানটি দর্শককে মনে করিয়ে দেবে ২০০৪ সালের সাড়াজাগানো ‘মার্ডার’ ছবির ‘ভিগে হোঁঠ তেরে’ গানটির কথা। সে সময় এ গান দিয়ে দর্শক মাৎ করেছিলো ইমরান হাশমি ও মল্লিকা শারাওয়াত। এ গানের পর থেকেই ‘সিরিয়াল কিসার’ হিসেবে খ্যাত হন ইমরান। তবে ‘পিয়া মোরে’ গানটিতে সানির সঙ্গে জমজমাট পর্দা রসায়ন উপহার দিলেও তেমন কোনো চুম্বন দৃশ্যে দেখা যায়নি তাকে।

সম্প্রতি টুইটারে ‘পিয়া মোরে’ গানের একটি ছবি প্রকাশ করেন ‘মার্ডার’ অভিনেতা ইমরান হাশমি। ক্যাপশনে তিনি লিখেছেন, “লজ্জা এবং আমি- এটা তো এক বাক্যে লেখাই যায় না! সবাই আমার সঙ্গে একমত তো?” ইমরানের এ মজার মন্তব্যের জবাবে সানি লিখেছেন, “ইনোসেন্স আর তুমি- অবশ্যই নয়! কিন্তু তুমি আর আমি- অবশ্যই হ্যাঁ!!!”

অজয় দেবগণ, ইলিয়ানা ডি’ক্রুজ, ইমরান হাশমি, বিদ্যুত জাম্মওয়াল, এশা গুপ্ত ও সঞ্জয় মিশ্র অভিনীত ‘বাদশাহো’তে ১৯৭৫ সালে ভারতের জরুরি অবস্থার পটভূমিতে ছয় ডাকাতের দুর্ধর্ষ অভিযানের গল্প বলা হয়েছে। ১ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
সূত্রঃ bdnews24.com

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।