মুজিববর্ষে সারাদেশের গৃহহীন প্রায় ৯ লাখ পরিবারকে বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রথম দফায় প্রায় ৭০ হাজার পরিবার পেয়েছে মাথা গোঁজার ঠাঁই। আবাসন ব্যবস্থার পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নিয়েছে সরকার।
বাসস্থান মানুষের মৌলিক অধিকার হলেও দেশের নিম্ন আয়ের বহু মানুষের নিজের থাকার জায়গা নেই। এমন মানুষদের খুঁজে মুজিববর্ষে সবার জন্য আবাসনের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু ঘর নয়, বঞ্চিত মানুষদের প্রশিক্ষণ দিয়ে স্বাবলম্বী করারও উদ্যোগ নিয়েছে সরকার।
এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গৃহহীনদের জন্য দুই কামরার বাড়ি নির্মাণ করা হয়েছে। যেখানে ছোটদের জন্য আছে খেলার মাঠ আর কর্মসংস্থানের জন্য রাখা হয়েছে কৃষি জমি।
ঘর পাওয়া ব্যক্তিরা বলেন, আমার দুটি মেয়ে আছে। তাদের বিয়ে হয়ে গেছে। এখন থেকে আমি এখানেই থাকব। ঘরসহ আমাদের সবকিছু দিয়েছে। আমরা অনেক খুশি।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা ছামছুন নাহার বলেন, তিন মেয়ে আর স্বামী নিয়ে তার সংসার। দুর্ঘটনায় স্বামী কর্মক্ষমতা হারিয়ে ফেলার পর পরিবার চালানোই কঠিন হয়ে পরে। এমন অবস্থায় মাথা গোঁজার ঠাঁই পেয়ে যেন হাতে আকাশের চাঁদ পেয়েছেন এই নারী।
ছামছুন নাহার বলেন, স্বামী ঘরের মিস্ত্রি ছিল। কাজ করতে গিয়ে দুর্ঘটনার পর থেকে আর কোন কাজ করতে পারে না। এ ঘর পাওয়াতে অনেক উপকার হয়েছে।
এমন হাজারও মানুষ আছে যাদের অন্যের ঘরে থেকে মুখ বুজে বঞ্চনা সহ্য করতে হয়। মুজিববর্ষে বাড়ি পেয়ে সেই মানুষগুলো এখন উন্নত জীবন গড়ার স্বপ্ন দেখছেন।
ঘর পাওয়া ব্যক্তিরা আরও বলেন, ঘর ভাড়া দিতে হবে না। আমার ছেলে চাকরি করে। এখন ভালো মতো সংসার চালাতে পারবো। শেখ হাসিনা আমাদের ঘর দিয়েছে। এ জন্য অনেক ভালো লাগছে।




