কাবুল দখলের দ্বারপ্রান্তে তালেবান। আফগানিস্তানের রাজধানী কাবুল শহর থেকে মাত্র ১১ কিলোমিটার দক্ষিণের চর আসিয়াব শহরে পৌঁছে গেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। এরই মধ্য দেশটির ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ১৮টিই দখল করে নিয়েছে সশস্ত্র এই গোষ্ঠী। আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার ও তৃতীয় বৃহত্তম শহর হেরাতও এখন তালেবানের দখলে। সর্বশেষ বালখ প্রদেশের মাজার-ই-শরীফ শহরের নিয়ন্ত্রণ নেয় তারা।
সশস্ত্র গোষ্ঠী তালেবানের আগ্রাসনে দিশেহারা সাধারণ আফগানরা। তাইতো ভিড় করছেন কাবুল আন্তর্জাতিক বন্দরে। জীবন বাঁচাতে পালাচ্ছেন দেশ ছেড়ে। তারা মনে করছেন, শিগগির পতন ঘটবে। কাবুল দখল করে ক্ষমতায় আসবে তালেবান।
স্থানীয়রা বলেন, পরিস্থিতি খুবই খারাপ। কখন কি হয় কিছুই বলা যাচ্ছে না। আফগানিস্তানের ভবিষ্যৎ গভীর সংকটে। তালেবান যেভাবে একের পর এক শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে তাতে মোটেই পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। যেহেতু আমি বিদেশিদের সঙ্গে কাজ করি। তাই নিজেকে এখন নিরাপদ মনে করছি না। প্রতিদিনই একটা আতঙ্কের মধ্যে সময় পার করতে হচ্ছে।
কেউ বলছেন, পরিস্থিতি খুবই ভয়াবহ। প্রায় দুই বছর ধরে আলোচনা চলছে। কিন্তু কোনো সমাধান মিলছে না। আমাদের এখন কাবুল ছেড়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। শান্তিভাবে বসবাস করার মতো কোনো সুযোগ দেখছি না।
তালেবানের অগ্রযাত্রা রুখতে এরই মধ্যে কাবুলজুড়ে নিরাপত্তা জোরদার করেছে আফগান সরকার। রাস্তার মোড়ে মোড়ে বসানো হয়েছে তল্লাশিচৌকি। চলছে সেনাবাহিনীর বিশেষ টহল। সামরিক হেলিকপ্টারের মাধ্যেম গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হচ্ছে নজরদারি।
সরকারি বাহিনী ও তালেবানের তীব্র লড়াইয়ের মুখে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশটির জাতীয় নিরাপত্তা বাহিনীর পুনর্গঠনই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। পাশাপাশি তীব্র লড়াইয়ে বাস্তুচ্যুত হাজারো মানুষকে সহায়তা দেওয়ার উপায় খোঁজা হচ্ছে।
আফগান প্রেসিডেন্ট বলেন, আমরা সরকারের সংশ্লিষ্ট সব পক্ষ ও আমাদের আন্তর্জাতিক অংশীদার সবার সঙ্গে বিস্তারিত আলোচনা করছি। আলোচনা এখনও চলছে। শিগগির এর ফল জানিয়ে দেওয়া হবে। আমি বুঝতে পারছি, আপনারা ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। আপনাদের প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই। আর যেন অস্থিরতা, সহিংসতা না বাড়ে এবং আর কেউ যেন বাস্তুহারা না হয়। সেই চেষ্টা করছি।
যদিও পশ্চিমা নির্ভর আশরাফ ঘানি সরকারকে হটিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুল দখলের একেবারে দ্বারপ্রান্তে তালেবান। একের পর এক প্রাদেশিক রাজধানী ও গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর শনিবার দেশটির পূর্বাঞ্চলীয় লোগার প্রদেশ দখল করে নেয় সশস্ত্র এ গোষ্ঠী।
একই দিন বালখ প্রদেশের মাজার-ই-শরিফ শহরও দখলে নেয়। অসহায় আত্মসমর্পণ করছে আফগান সেনারা। তালেবানের কবজায় চলে যাচ্ছে আধুনিক সব অস্ত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে তালেবান যোদ্ধাদের অস্ত্রভর্তি বাক্স ও হেলিকপ্টার জব্দ করতে দেখা যায়। যার বেশির ভাগ পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা।
আফগানিস্তান পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তালেবানকে অবিলম্বে আক্রমণ বন্ধ করারও আহ্বান জানান তিনি। আর নিজ দেশের কর্মকর্তাদের ফিরিয়ে নিতে ৫ হাজার সেনা সদস্য পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


