× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

ডেস্ক

আজ দেবেশ রায়ের জন্মদিন

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২
debesh roy

বাংলা কথাসাহিত্যের সেই বিস্ময় যিনি নিজস্ব ঘরানা-বাহিরানায় সমাজবিশ্ব আর ব্যক্তিমানুষকে আশ্চর্য নৈপুণ্যে গভীর সংবেদনে তরঙ্গায়িত করেন। তাঁর সমগ্র কথাসাহিত্য সেই দূরপাল্লার নৌবহর। দূরবিনের দুই দিক দিয়ে তিনি ক্রমান্বয়ে দেখে গিয়েছেন দেশকাল, প্রান্ত প্রান্তিক, ভণ্ড ধ্বস্ত অথচ প্রতিরোধী বাস্তবতা। ইতিহাস পুরাণের প্রেক্ষিতে ব্যক্তিমানুষের উত্থান তাঁর প্রিয় বিষয়। এখানেই তিনি স্বতন্ত্র, সমুজ্জ্বল।

যযাতি, মানুষ খুন করে কেন, আপাতত শান্তিকল্যাণ হয়ে আছে থেকে মফস্বলি বৃত্তান্ত, তিস্তাপারের বৃত্তান্ত, সময় অসময়ের বৃত্তান্ত, তিস্তাপুরাণ, বরিশালের যোগেন মন্ডল কিংবা সাম্প্রতিক সাংবিধানিক এজলাস (২০১৯) সেই অভিযাত্রার প্রতিচিত্রায়ণ। কমিউনিস্ট পার্টির কর্মী হিসেবে তাঁর জনবৃত্তে পদার্পণ, সে কথা বারংবার মনে করিয়ে দেন তিনি, কিন্তু তাঁর সমগ্র রচনায় ‘পার্টি’তন্ত্র বা দলদৃষ্টি নয়, এক বহুবিচিত্র সুরসঙ্গতি ঢেউয়ের মতো আছড়ে পড়ে। সমাজ-সংসার অতীত-বর্তমান ক্ষুদ্রতুচ্ছকে ছুঁয়ে ছুঁয়ে তিনি মহাকায় এক ভবিষ্যতের আভাস পাঠককে দেন।

হয়তো সে জন্যই প্রথম দিকের রচনায় তিনি প্রতীক এবং সঙ্কেতকে বারংবার ব্যবহার করেন। চলন্ত, বন্ধ ট্রেনের কামরায় বাইরে থেকে যারা ঢুকতে চাইছে তাদের নিয়ে কামরার মানুষ ভয়ার্ত, নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ‘এই চার যুবক কোন্‌ দলের? মারবার না বাঁচাবার? এই চার মানুষ কী চায়? মারতে না বাঁচতে?’ গল্পের নাম নিরস্ত্রীকরণ কেন? অকল্পনীয় ব্যঞ্জনা! আপাতত শান্তিকল্যাণ হয়ে আছে কাহিনির শেষে বীভৎস ফ্যান্টাসি সেই মৃত্যু উপত্যকাকে সঙ্কেতে ধরে ফেলে। ‘শান্তিকল্যাণ’ শব্দের বিস্ফোরণ ধ্বনিত হয়।

দেবেশ রায়ের কলমের সাহস এবং ধারণক্ষমতা এমনই। প্রবহমান, একটু নৈর্ব্যক্তিক জলধারার মতো ঘটনাবলির আখ্যান তৈরি হয়। ক্রমে স্পষ্ট হয়ে ওঠে তার মহা-অবয়ব। চরিত্র, ঘটনা, কথকভাষ্য, অতীত, বর্তমান, ইতিহাস, সংবাদ, রেডিয়ো, সরকারি তৎপরতা অথবা নিষ্ক্রিয়তা, চায়ের দোকানের আলোচনা, রান্নাঘর, অরণ্যবাস্তবতা, হাসিকৌতুক, বিবরণ সব মিলেমিশে অত্যাশ্চর্য আখ্যান-উৎসবের জন্ম দেয়। বিস্ময়াবৃত এবং অসহায় পাঠক যেন কাহিনির মধ্যে জাদুবলে আখ্যানের শিল্পরূপে ভেসে যেতে থাকে। হয়ে ওঠে ওই ইতিহাসপ্রবাহের শরিক।

১৯৮৯ সালে এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘প্রথম পরিচ্ছেদে লেখক হিসেবে লিখেছি, দ্বিতীয় পরিচ্ছেদে পাঠক হিসেবে react করেছি, বাইরে থেকে দেখলে প্রথম পরিচ্ছেদ উপন্যাস, দ্বিতীয়তে আত্মসংলাপ। এই ভাবে। কিন্তু উপন্যাস তো ঐভাবে তৈরি হয় না। ফর্মটাকে আমি বাইরের জিনিস মনে করি না। একটা ফর্ম যখন তৈরি হয় তখন লেখক বিষয়টাকে কীভাবে ধারণ করছেন, তাই ফর্ম হয়ে যায়।… আমি লিখবার সময় পাঠককে এটুকুই সাবধান করতে চেয়েছি যে তাঁরা যেন একে আমার অভিজ্ঞতা মনে না করেন। পাঠক ও লেখকের সম্মিলিত অভিজ্ঞতা করে তুলতে চেয়েছি।’

আখ্যানের ফর্ম বা আঙ্গিক নিয়ে দেবেশের মতো এত ‘সচেতন’ ভাবুক বাংলা সাহিত্যে বিরল। আছেন আখতারুজ্জামান ইলিয়াস, নবারুণ ভট্টাচার্য এবং রবিশংকর বল-ও। তবে তাঁরা কেউই দেবেশ রায়ের মতো এত ধারাবাহিক নিষ্ঠায় ‘বিকল্প আদর্শ’ খুঁজে যাননি। বঙ্কিমচন্দ্র প্রযোজিত ইউরোপীয় নভেল ঘরানার প্রতিস্পর্ধী এক ‘নিজস্ব’ ‘দেশীয়’ ঐতিহ্যের আখ্যান খুঁজেছিলেন দেবেশ।

এখানেই শেষ নয়। দেবেশ রায় একই অনুসন্ধিৎসায় পৌঁছে যান বাখতিন-এর ‘ডায়ালজি’ থেকে ‘পলিফনি’ উদ্ভবের হালহদিশে। কিংবা থিয়োডর আডোরনো-র ‘নাৎসিবাদ বিরোধী’ শিল্প-সাহিত্যতত্ত্বের সন্নিকটে, জনসংযোগের পদ্ধতিচর্চায়। বলা চলে তাঁর আখ্যানরচনা এক সুবৃহৎ মহাপ্রকল্প, তার কেন্দ্রীয় শব্দ ‘বিকল্প আদর্শ’ প্রতিষ্ঠা। ‘বিকল্প আদর্শ’ শুধু আখ্যানেই সীমাবদ্ধ রাখেননি দেবেশ, হয়তো তাঁর দীর্ঘ জীবনচর্যায় লেখকের আত্মসম্মান-চিহ্নিত ‘স্বাধীনতা’কেও তিনি ‘বিকল্প’ হিসেবে রক্ষা করতে চেয়েছেন। লেখার ‘মান’ যখন আপস করে বাজারি পণ্যের সঙ্গে, যখন বছরে বছরে লেখককে বাধ্যত লিখে যেতে হয় পরিকল্পনাহীন, অগভীর পৌনঃপুনিকতায়, সাহিত্যশ্রেষ্ঠীর অঙ্গুলিনির্দেশে, তখন দেবেশ মনে করেন, জনপ্রিয়তার হাতছানিতে বিনষ্ট হয় লেখকের ‘স্বাধীনতা’, লেখকের ‘দার্ঢ্য’। তিনি এই ‘বিকল্প’ অবস্থানের শরিক, সে জন্য এক-একটি রচনার জন্য হয়তো পাঁচ-সাত বছর নিতেও তাঁর আটকায়নি।

এই বিকল্পসন্ধানী লেখকসত্তার জোরেই তাঁর গদ্যরীতিও সচেতন ভাবে পল্লবিত হয়। তরল, সহজপাচ্য গদ্যে এই বিশাল অঙ্গসংস্থান হয়তো সম্ভবও ছিল না। স্বাধীনতা-উত্তর, বিশেষত বিশ শতকের শেষ দশকগুলিতে দেশদুনিয়ার পরিবর্তমান পরিস্থিতি, উত্তর-ঔপনিবেশিক পরিমণ্ডল, পুঁজির নতুন নতুন জটিল কৌশল, প্রভুত্ব আর কর্তৃত্বের নতুন নতুন নকশা, রাষ্ট্রক্ষমতার নিষ্পেষণ আর নয়া জীবন-বাস্তবতা তিনি যত্নে ধরেছেন কথাসাহিত্যে।


এ ক্যটাগরির আরো খবর..