আজ শুক্রবার (২২ অক্টোবর) জাতীয় নিরাপদ সড়ক দিবস। দেশে পঞ্চমবারের মতো সরকারি উদ্যোগে দিবসটি পালিত হচ্ছে। জাতীয় নিরাপদ সড়ক দিবসে এবারের প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’। দিবসটি পালনে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।
দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেছেন, সড়ক অবকাঠামো উন্নয়নের সাথে সাথে নিরাপদ সড়ক নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সড়ক দুর্ঘটনাজনিত জীবনহানি এবং শারীরিক ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে সড়ক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণের গুরুত্ব অপরিসীম। সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিবহণ মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সকলের এ সংক্রান্ত আইন ও বিধিবিধান জানা এবং তা মেনে চলা আবশ্যক। আমি আশা করি, সড়ক নিরাপত্তা কার্যক্রমকে টেকসই করতে সংশ্লিষ্ট সকলে নিষ্ঠার সাথে কাজ করে যাবেন।
দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। বাণীতে সরকার প্রধান বলেছেন, দেশে প্রথম বারের মতো জাতীয় মহাসড়েকের ৪টি গুরুত্বপূর্ণ স্থানে ট্রাক চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। সড়ককে নিরাপদ করতে এবং সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমাদের সরকার সড়ক অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নসহ নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। বর্তমান সরকারের সময় মহাসড়ক ২২ হাজার ৪২৮ কিলোমিটারে উন্নীত করা হয়েছে। এর মধ্যে ৬৩২ কিলোমিটার মহাসড়ক চার লেন ও তদূর্ধ্ব লেনে উন্নীতকরণের কাজ সম্পন্ন হয়েছে। ৬৪৭ কিলোমিটার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের রোড সেফটি বিভাগের পরিচালক শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী জানান, সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে গতিই একমাত্র কারণ না। গতি ছাড়াও আরও অনেক কারণ আছে। আমরা প্রতিবছর নানা প্রতিপাদ্য ঠিক করি। গতি নিয়ে সচেতন করতেই এবার এমন প্রতিপাদ্য ঠিক করা হয়েছে।
বুয়েটের গবেষকরা জানান, সমীক্ষা করে তারা দেখেছেন- ৩০ শতাংশ গতিতে চলমান কোনো গাড়ির ধাক্কায় আঘাত পেয়ে আহত হলে বাঁচার সম্ভাবনা ৯৫ শতাংশ। কিন্তু ১০ শতাংশ বেশি অর্থাৎ ৪০ গতির গাড়ির ধাক্কায় আঘাত পেয়ে আহত হলে বাঁচার সম্ভাবনা ৪৫ শতাংশে নেমে আসে আর ৫০ শতাংশ গতির গাড়ির ধাক্কায় আহত বাঁচার সম্ভাবনা ৫ শতাংশ নেমে আসে।সুতরাং গতি খুবই গুরুত্বপূর্ণ একটি মাপকাঠি সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে।
আজ থেকে ২৮ বছর আগে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জন্ম , ১৯৯৩ সালের ২২ অক্টোবর। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারিয়ে এ আন্দোলন গড়ে তোলেন। ২০১৭ সালের ৫ জুন মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সেদিন থেকে দিবসটি জাতীয়ভাবে পালিত হয়ে আসছে।